প্রার্থীর ভাইকে কুপিয়ে জখম
ভোট চাওয়ার অপরাধে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল লতিফের ভাই মকবুল হোসেনকে (৩০) কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মকবুল হোসেনের ভাই সামাউল হোসেন জানান, বুধবার বেলা একটার দিকে তাঁর বড় ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল লতিফ এবং ছোট ভাই মকবুল হোসেন ইউনিয়নের ভৈরবা বাজার মোড়ে বসে স্থানীয় ভোটারদের কাছে ভোট চান। এ সময় সাত-আটজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা করে। আবদুল লতিফ কৌশলে একটি বাড়ির মধ্যে ঢুকে আত্মরক্ষা করেন। এ ব্যাপারে প্রার্থী আবদুল লতিফ জানান, প্রতিপক্ষ আবদুল মালেকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। তবে আবদুল মালেক ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা দিতে আসেনি। এলে মামলা নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।