বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আবদুল সালামের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া অষ্টম শ্রেণির শিক্ষাগত যোগ্যতার সনদ জালের অভিযোগ পাওয়া গেছে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এ ঘটনায় মো. নাসির উদ্দিন নামে তাঁর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী বরগুনা জেলা প্রশাসকের কাছে ৮ ডিসেম্বর লিখিত অভিযোগ দেন।
জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আবদুল সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি (১৯৮৭ সাল) বলে উল্লেখ করেন। কিন্তু পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সই করা ওই সনদ জাল। ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ব্যাপারি সালামের ওই সনদ জাল বলে ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি প্রত্যয়ন দেন।
প্রত্যয়ন দেওয়ার কথা স্বীকার করে সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ব্যাপারি প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালে সালামের অষ্টম শ্রেণির সনদ নিয়ে অভিযোগ ওঠার পর আমরা বিদ্যালয়ের সংরক্ষিত খাতাপত্র ঘেঁটে দেখতে পাই ১৯৮৭ সালে অষ্টম শ্রেণিতে আবদুল সালাম নামে কোনো ছাত্র ছিল না। পরে আমি ওই সনদ জাল বলে প্রত্যয়ন দিই।’
একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নাসির উদ্দিন বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জমা দেওয়া আবদুল সালামের সনদ জাল। ১৯৮৭ সালে পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি অষ্টম শ্রেণি পাস করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে বিদ্যালয়ের খাতাপত্রে ১৯৮৭ সালে আবদুল সালাম নামে কেউ অষ্টম শ্রেণিতে অধ্যয়ন বা বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছেন এমন তথ্য নেই।
পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম খোন্দকার বলেন, ‘এ সনদ আমার সময়ে দেওয়া নয়। সনদটিতে সাবেক প্রধান শিক্ষক মাহাবুব আলমের স্বাক্ষর রয়েছে।’ মাহবুব আলম বলেন, ‘এ সনদে আমার স্বাক্ষর ও সিল ব্যবহার করা হলেও এ স্বাক্ষর আমার নয়। আমার স্বাক্ষর নকল করে অষ্টম শ্রেণির এ জাল সনদ দেওয়া হয়েছে।’
আবদুল সালাম বলেন, ‘আমি কেএম স্কুলে লেখাপড়া করেছি এবং ওই স্কুলের মানিক বিএসসি স্যার আমাকে অষ্টম শ্রেণি পাসের সনদ দিয়েছেন। তবে এটা জাল কি না, তা আমার জানা নেই।’