প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা বোমা বিস্ফোরণ
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের বাড়িতে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে হুমকি দিয়েছে। তারা ওই সমর্থকের বাড়ির কাছে দুটি বোমাও ফাটিয়েছে। গত সোমবার গভীর রাতে ইউনিয়নের বাহের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে বাহের মোড় এলাকায় বিএনপি-সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের সমর্থক ওসমান গনি বিশ্বাসের বাড়িতে ঢোকে মুখোশ পরা সাত-আটজন সশস্ত্র ব্যক্তি। তারা ওসমান গনিকে ডাকাডাকি করতে থাকে। ওসমানের ভাই কাসেম ঘর থেকে বের হলে অস্ত্রধারীরা নির্বাচন চলাকালে ওসমানকে যেন এলাকায় না দেখেন, সে ব্যাপারে তাঁকে শাসিয়ে যায়। ফিরে যাওয়ার পথে বাড়ির অদূরে বাহের মোড় এলাকায় তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পাংশা থানা পুলিশ গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি-সমর্থক শাহ মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে ভীতি ছড়াতে এসব কাজ করেছে। পাংশা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দুটি হাতবোমার কৌটা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে।