প্রার্থীর সাক্ষাৎকার নিচ্ছে আ.লীগ বিএনপির দুজন চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ছয়টি পৌরসভার মধ্যে পাঁচটি পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ২৫ জনের সাক্ষাৎকার গতকাল শনিবার নেওয়া শেষ করেছে আওয়ামী লীগ। এদিকে জেলা বিএনপি ১৭ জনের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছিল। তাঁদের মধ্যে থেকে কেন্দ্র দুজনকে চূড়ান্ত করেছে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সিরাজগঞ্জ সদর পৌরসভায় চারজন, বেলকুচিতে তিনজন, শাহজাদপুরে নয়জন, কাজীপুরে তিনজন ও রায়গঞ্জ পৌরসভায় ছয়জন আবেদন করেছেন। তবে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, সংশ্লিষ্ট আসনের সাংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটির মতামতের ভিত্তিতেই মেয়র পদে প্রার্থী নির্ধারণ করা হবে। কমিটির সদস্যদের মতামতের সুপারিশসহ আবেদনগুলো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল এ সাক্ষাৎকার নেওয়া হয়। আবেদনপত্র ও সাক্ষাৎকার নেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী আমজাদ হোসেন, সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জ-পাবনা আসনের সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, পাঁচটি পৌরসভার মেয়র পদপ্রার্থীদের দলীয় মনোনয়নের বিষয়ে আবেদনগুলোর বাছাই-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বলেন, জেলার ছয়টি পৌরসভা থেকে মেয়র পদে মোট ১৭ জনের নামের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। এগুলো যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। পৌর নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত একটি চিঠি জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল শনিবার পাঠানো হয়েছে। মেয়র পদে দলীয়ভাবে সিরাজগঞ্জ সদর থেকে মোকাদ্দেস আলী এবং উল্লাপাড়া থেকে বেল্লাল হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি প্রার্থীদের তালিকা এক-দু দিনের মধ্যে কেন্দ্র থেকে পাঠানো হবে।