প্রার্থীরা এক মঞ্চে মাদককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীরা গত শুক্রবার বিকেল পাঁচটায় এক মঞ্চে উঠে মাদককে ‘না’ বলেছেন। ২৫ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।ভায়ালক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান এবং ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা বনকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মঞ্চে ‘মুখোমুখি’ অনুষ্ঠানে বসেছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওরা ১১ জন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক। তিনজন চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন বুলবুল, আবদুল মজিদ ও আবদুল হামিদ, সংরক্ষিত নারী আসনের তিনজন প্রার্থী লতিফা বেগম, সহিদা বেগম ও সোহাগী বেগম এবং দুজন সাধারণ সদস্য প্রার্থী আবু বাক্কার সিদ্দিক ও ইমরান আলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে সভাপতির সঙ্গে কণ্ঠ মিলিয়ে সব প্রার্থী মাদককে ‘না’ বলেন এবং বনকিশোর গ্রামে ধূমপানকে ‘না’ বলেন। তাঁরা নির্বাচিত হলে ইউনিয়নকে মাদকমুক্ত করার সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। তাঁরা বনকিশোর গ্রামকে ধূমপানমুক্ত করার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ গ্রামে নির্বাচনী প্রচারণার সময় কেউ ধূমপান না করার এবং সমর্থকদের বিড়ি ও সিগারেট বিতরণ না করার ঘোষণা দেন। রাতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রার্থীদের ইশতেহার ঘোষণা করা হয়। এরপর দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থীরা।সবশেষে একটি ধূমপানবিরোধী জারিগান পরিবেশন করা হয়।