প্রার্থীরা ছাত্র নন, শিক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে কাল রোববার জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের কারও নিয়মিত ছাত্রত্ব নেই। তাঁরা সবাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থী বলে জানা গেছে। বাউবির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এখানে যাঁরা পড়াশোনা করেন, তাঁদের ‘শিক্ষার্থী’ বলা হলেও কাউকে ‘ছাত্র’ বলা হয় না। কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব কমলময় তঞ্চঙ্গ্যা জানান, দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে তৌফিকুর রহমান ওরফে রাশেদ সভাপতি ও সুজন চৌধুরী ওরফে সঞ্জয় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা জেলা পরিষদের সদস্যের সমর্থিত প্যানেলে নাজিম উদ্দিন সভাপতি ও আকাশ চৌধুরী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি প্রার্থী তৌফিকুর রহমান বাউবিতে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। কিন্তু সাধারণ সম্পাদক প্রার্থী সুজন চৌধুরী কোথায় পড়াশোনা করেন, তা জানা যায়নি। অপর প্যানেলের সভাপতি প্রার্থী নাজিম উদ্দিন কোথায় পড়াশোনা করেন তাঁর সঙ্গে বার বার যোগাযোগ করেও তিনি এ ব্যাপারে কিছু বলতে চাননি। তাঁর বড় ভাই শামসুল ইসলাম (বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক) বলেন, নাজিম বাউবিতে পড়াশোনা করে। তবে কোন সেমিস্টারে পড়ে সেটা তিনি বলতে পারেননি। সাধারণ সম্পাদক প্রার্থী আকাশ চৌধুরী বাউবিতে স্নাতক পর্যায়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের অনেকে বলেছেন, নাজিম উদ্দিন ও সুজন চৌধুরী শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কয়েক মাস আগে বাউবিতে ভর্তি হয়েছেন। প্রকৃতপক্ষে তাঁরা কোথাও পড়াশোনা করেন না। বাউবির সংশ্লিষ্ট ব্যক্তিরাও নাজিম ও সুজন সম্পর্কে কিছু জানেন না। কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক শামসুল ইসলাম বলেন, ‘কে কোন কলেজে কোন স্তরে পড়েন সেটা জরুরি বিষয় না। মনোনয়নপত্র দাখিলের সময় শুধু এসএসসি সনদ ও বয়স ২৭ বছর অতিক্রম না করার বিষয়টি দেখা হয়েছে।’তৌফিকুর রহমান ও আকাশ চৌধুরী বাউবিতে পড়াশোনা করার কথা নিশ্চিত করে বাউবির জেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাউবিতে যাঁরা পড়াশোনা করেন তাঁদের স্টুডেন্ট বা ছাত্র বলা হয় না। তাঁদের লার্নার বা শিক্ষার্থী বলা হয়ে থাকে। যেকোনো বয়সের মানুষ শিক্ষার্থী হতে পারেন।’এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রভাবশালী সদস্য কাজি মুজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত, ২০০২ সালের পর বিগত আট বছরে জেলা ছাত্রলীগের নতুন কোনো কমিটি হয়নি।