হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা ছুটছেন হাওরে হাওরে। কারণ, ভোটাররা সব হাওরে ধান কাটায় ব্যস্ত। দিনে তাঁদের বাড়িঘরে পাওয়া যাচ্ছে না।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউপির ১৪টিতে ২৩ এপ্রিল ভোট হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৯ জন, সদস্য পদে ৫৭১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বানিয়াচং জেলার প্রত্যন্ত ভাটি এলাকা। এই এলাকার মানুষ পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। এখন চলছে ধান কাটার মৌসুম। ঠিক এ সময় এলাকায় ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা চললেও সেদিকে তাকানোর ফুরসত নেই ভোটারদের। সবাই ধান কাটায় ব্যস্ত।
ভোর হলে লোকজন হাওরে দল বেঁধে ধান কাটতে যান। এতে প্রার্থীরা ভোটারদের বাড়িঘরে গিয়ে তাঁদের পাচ্ছেন না। এই অবস্থায় ভোটারদের খুঁজতে প্রার্থীরাই ছুটছেন হাওরে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সুবিদপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে দেখা গেল আতুকুড়া হাওরে ভোটারদের কাছে ভোট চাইতে। তাঁকে হাওরে পেয়ে কৃষকেরাও খুশি। আবুল কাশেম চৌধুরী বলেন, দিন হলে কৃষকেরা কর্মব্যস্ত থাকেন হাওরে। সারা দিন পরিশ্রমের পর বাড়ি ফিরে সন্ধ্যা হলেই তাঁরা ঘুমিয়ে পড়েন। তাই বাড়িঘরে তাঁদের সহজে পাওয়া যায় না।
কাগাপাশা ইউপির চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে একই দিন সকালে দেখা গেল মকার হাওরে ভোট চাইতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বেশ কিছু সমর্থক। দেলোয়ার হোসেন বলেন, এখন ওই এলাকায় ধান কাটার মৌসুম চলছে।
ৃনারী ভোটারদের পাওয়া গেলেও পুরুষেরা থাকেন মাঠে মাঠে। তাই হাওরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।
শুধু এ দুই প্রার্থীই নয়, বানিয়াচং উপজেলার ১৪টি ইউপির সব কটিতে একই দৃশ্য দেখা গেছে। প্রচারণার জন্য সব প্রার্থী এখন হাওরমুখী।
বানিয়াচং উপজেলা সদরের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এ কৃষি মৌসুমে নির্বাচনের তারিখ নির্ধারণ করা ঠিক হয়নি। নির্বাচন কমিশনের উচিত ছিল ধান কাটার সময়টুকু বাদ দিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিন-তারিখ নির্বাচন কমিশন থেকে নির্ধারিত হয়। তাঁরা শুধু স্থানীয়ভাবে তদারক করে থাকেন। তিনি বলেন, এখন ধান কাটার মৌসুম হওয়ায় এই এলাকায় ভোটার ও প্রার্থীদের কিছুটা সমস্যা হচ্ছে।