প্রার্থীরা দায়িত্ব বণ্টনে ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচার-প্রচারণার শেষ সময় গত সোমবার রাত আটটা অতিক্রমের পর থেকে গতকাল মঙ্গলবার নীলফামারীর জলঢাকা পৌরসভা এলাকায় সুনসান নীরবতা লক্ষ করা গেছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণের জন্য নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে।
উপজেলা শহরে ঢুকে দেখা যায়, রাস্তায় রাস্তায় মাথার ওপর ঝুলছে প্রার্থীদের পোস্টার। রাস্তায় টহল দিচ্ছেন পুলিশ, বিজিবি ও র্যা ব সদস্যরা। নেই কোনো হইচই। অথচ গত সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব রাস্তায় ছিল মাইকিং, পথসভা, প্রার্থীদের আনাগোনা এবং ভোটার ও সমর্থকদের তর্ক-বিতর্ক, আলোচনায় মুখর পরিবেশ।
আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াহেদ গতকাল বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় পথসভার মাধ্যমে প্রচারণা শেষ করেছি। এখন অফিসে বসে কোন কেন্দ্রে কোন কর্মী দায়িত্ব পালন করবে, সে বিষয়গুলো দেখছি।’ ইলিয়াছ হোসেন বলেন, ‘প্রচারণা তো শেষ। এখন নির্বাচনী এজেন্ট ও কর্মীদের দায়িত্ব দেওয়ার কাজ দেখাশোনা করছি।’ তিনি বলেন, ‘এর আগে আমি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেছি। যাঁদের দেখা পাইনি, বিচ্ছিন্নভাবে তাঁদের সঙ্গে আর এখন দেখা করা সম্ভব নয়। তাই পথসভায় আমি তাদের কাছে ভোট প্রার্থনা করেছি।’
মকবুল হোসেনের নির্বাচন পরিচালনায় দায়িত্বরত মুরাদ হোসেন বলেন, ‘আমরা কোনো পথসভা করিনি। ভোটারদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছি।’