প্রার্থীরা নববর্ষের অনুষ্ঠানে গেলেও ভোট চাননি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকজন মেয়র প্রার্থী গত মঙ্গলবার নববর্ষের অনুষ্ঠানে যান। তবে তাঁরা সেখানে কোনো প্রচারণা চালাননি। এমনকি ভোট চেয়ে কোনো বক্তব্যও দেননি।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন নববর্ষের অনুষ্ঠানকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্র হিসেবে ব্যবহার না করার জন্য প্রার্থীদের সতর্ক করে দিয়েছিলেন। প্রার্থীরাও সেই নির্দেশনা মেনে চলেছেন।
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন নগরের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যান বেলা ১১টার দিকে। নাছির মঞ্চে উঠে বক্তব্য দিলেও ভোট চাননি। তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান ও তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।
অপর মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠও একই অনুষ্ঠানে যান। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে আগত লোকজনের অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে কোনো বক্তব্য দেননি। পরে তিনি একটি ছাদখোলা গাড়িতে চড়ে ডিসি হিলের সামনের সড়ক ধরে হাত নাড়তে নাড়তে চলে যান।
নগরের সিআরবি এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানের অদূরে আগত নর-নারীদের মধ্যে মেয়রপ্রার্থী নাছিরের পক্ষে প্রচারণা চালান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল আলম ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে তাঁরা অনুষ্ঠানে প্রচারণা চালাননি।