প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ৭ এপ্রিল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই ৭ এপ্রিল থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি বলেছেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ইসির সচিব এ কথা বলেন। আগামী ১০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
অতীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করার পরই প্রচারণা শুরু হয়েছে। তবে এবার প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা শুরু হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের পূর্ববর্তী ২১ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিলের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। গত রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতেও ৭ এপ্রিলের কথা উল্লেখ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের পর সব প্রার্থীর বেলায় সমান ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে ইসির সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন ঘোড়ার গাড়ি নিয়ে যান। সেই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উত্তর, দক্ষিণ যেখানেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিন সিটি করপোরেশনে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।