আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা তাঁদের নাম প্রয়োজন অনুযায়ী এক ভোটার এলাকা থেকে অন্য ভোটার এলাকায় স্থানান্তর করতে পারবেন। এ জন্য সম্ভাব্য প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কিংবা থানা নির্বাচন কর্মকর্তার দপ্তরে আবেদন করতে হবে। নির্বাচন কমিশন থেকে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে এসব নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য কমিশন থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ৯ সেপ্টেম্বর মাঠ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানের যে নির্বাচনে তিনি প্রার্থী হবেন, সে বিষয়ে পৃথক আবেদন জমা দিতে হবে। এরপর উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনের যৌক্তিকতা সম্পর্কে নিশ্চিত হয়ে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়ে মতামত দেবেন। নির্বাচন কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে নিবন্ধন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।