প্রার্থীরা শহর ছেড়ে গ্রামে
নীলফামারীর জলঢাকা পৌরসভায় নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ছয় মেয়র প্রার্থী শহর ছেড়ে এখন গ্রামের দিকে ছুটছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
১ নম্বর ওয়ার্ডের দুন্দিবাড়ি গ্রামের ভোটার খায়রুল ইসলাম (৫০) বলেন, ‘দিন-রাত বাড়িতে আসছেন প্রার্থীরা। তাঁদের কারণে রাত জাগতে হলেও ভালোই লাগছে।’
৬ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া গ্রামের সালেহা বেগম (৪৫) বলেন, প্রার্থীরা কয় দিন একটু কম এসেছিলেন। এখন দিন-রাত গ্রামেই থাকছেন। বাড়ি বাড়ি এসে ভোট চাইছেন। প্রার্থী আর তাঁদের সমর্থকদের আনাগোনায় উৎসবমুখর দিন কাটছে বলে জানান সালেহা বেগম।
এদিকে গতকাল সারা দিনে ছয় মেয়র প্রার্থীর কাউকে শহরের আশপাশে পাওয়া যায়নি। মুঠোফোনে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা প্রত্যেকেই শহর ছাড়িয়ে গ্রামের দিকের পৌর এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের প্রার্থীর বিকেল চারটার দিকে অবস্থান ছিল পৌর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ৭ নম্বর ওয়ার্ডের গোদর বাজার এলাকায়, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ হোসেন দেড় কিলোমিটার দূরে ২ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়ায়, বিএনপির প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী ছিলেন তিন কিলোমিটার দূরে ১ নম্বর ওয়ার্ডের দুন্দিবাড়ি গ্রামে।
একইভাবে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন, জাতীয় পার্টির শাহ আবদুল কাদের চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শরিফুল ইসলাম ভোট প্রার্থনার কাজে পৌর সীমানার ভেতরে পড়া বিভিন্ন গ্রামে অবস্থান করছিলেন।
এ সময় আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াহেদ বলেন, ‘শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করছি। আমার পক্ষের কর্মী-সমর্থকেরাও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করছেন।’
স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ হোসেন বলেন, ‘যেটুকু সময় হাতে আছে সেটা কাজে লাগাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করছি।’