প্রার্থীরা ‘স্বশিক্ষিত’ যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেতো আমার লগে টেন পর্যন্ত পড়ছে। ম্যাট্রিকের ফরমও পূরণ করছে। কি কারণে যেন পরীক্ষা দিতে পারে নাই। পরীক্ষা দিলে ফার্স্ট ডিভিশন না পাইলেও সেকেন্ড ডিভিশন তো পাইতই। এখন হুনতাছি হে নাকি নিজেরে “স্বশিক্ষিত” দাবি করছে।’ কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া এক কাউন্সিলর পদপ্রার্থী হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করার কথা জেনে এমন বিস্ময় প্রকাশ করেন তাঁরই এক বাল্যবন্ধু।বন্ধুর এমন বিস্ময়ের জবাবে ওই প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘হলফনামায় প্রমাণপত্র দিয়ে বেশ কয়েকটি তথ্য জানাতে হয়। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা একটি। আজ থেকে ২০ বছর আগে আমি দশম শ্রেণীতে পড়তাম। এখন দশম শ্রেণী পাস উল্লেখ করতে হলে ওই স্কুল থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। কে যাবে ঝামেলা করতে? তার চেয়ে নিজেকে স্বশিক্ষিত দাবি করলে সার্টিফিকেটের ঝামেলা মিটে যায়।’ ওই প্রার্থী আরও বলেন, শুধু এসব ঝামেলা এড়াতে অনেক প্রার্থী এই ফর্মুলা অনুসরণ করেছেন।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নরসিংদী, কুলিয়ারচর, বাজিতপুর, ভৈরব পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩৫ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ‘স্বশিক্ষিত’ ও ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’ প্রার্থী আছেন ১০২ জন। অনুসন্ধানে জানা গেছে, হলফনামায় স্বশিক্ষিত ও অক্ষরজ্ঞানসম্পন্ন উল্লেখ করা ব্যক্তিদের অনেকে দশম শ্রেণী থেকে এসএসসি পাসও রয়েছেন। তাঁদের অনেকে সনদ হারিয়ে ফেলেছেন। সনদ সংগ্রহের ঝামেলা এড়াতে হলফনামায় নিজেদের স্বশিক্ষিত বানিয়েছেন।নিয়মের বেড়াজালে নিজেকে অক্ষরজ্ঞান দাবি করায় মনোযন্ত্রণার শেষ নেই নরসিংদী পৌরসভার মধ্যবয়সী এক কাউন্সিলর প্রার্থীর। তিনি বলেন, ‘আমার মেয়েকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমি নিজেই পড়িয়েছি। গৃহশিক্ষক লাগেনি। নির্বাচনে অংশ নেব বলে আমি অশিক্ষিতের কাতারে চলে গেছি। বিষয়টি জেনে মেয়ে আমাকে বলে, “আব্বা তুমি অশিক্ষিত হলে, আমি শিক্ষিত হলাম কেমনে?” আমার মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে।’একই সমস্যায় পড়ে হলফনামায় অক্ষরজ্ঞানসম্পন্ন উল্লেখ করা এক প্রার্থী বলেন, ‘নিয়ম থাকা ভালো। তবে একসঙ্গে এত নিয়ম ভালো নয়। বাজিতপুরের এক প্রার্থীর ভাষ্য, নির্বাচন কমিশনের বিধিগুলো তৈরি করার সময় আমাদের সমাজ ব্যবস্থা, আর্থসামাজিক অবস্থার কথা ভাবা উচিত। না হলে সত্য তথ্য জানার জন্য এ রকম অসত্য তথ্যে নির্বাচন কার্যালয়ের ফাইল ভরে যাবে।’ নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘খেয়াল করেছি, প্রার্থীরা গণহারে নিজেদের স্বশিক্ষিত দাবি করছেন। এটি সাহিত্যের ভাষা। ব্যাপক বিষয়। অনেকে আবার নিজেদের সুশিক্ষিত পরিচয় দিচ্ছেন। অর্জিত শিক্ষাকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারলে তিনি হন সুশিক্ষিত।’ তিনি আরও মন্তব্য করেন, সনদ সমস্যা সমাধানে নির্বাচন কমিশন কিছুটা সহজ প্রক্রিয়া গ্রহণ করলে হয়তো প্রার্থীরা গণহারে নিজেদের অশিক্ষিত বানাতেন না। ঝামেলা এড়াতে প্রার্থীরা হলফনামায় এমন তথ্য দিচ্ছেন স্বীকার করে ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব আলম বলেন, এ জন্য নিয়ম-কানুনের সহজীকরণ দরকার।