প্রার্থীশূন্য হচ্ছে বিএনপি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুমায়ুন মো. আবদুল্লাহ আল হাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঋণখেলাপি হওয়ায় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপির প্রার্থী আলী আজগরের প্রার্থিতা বাতিল হয়েছে। এ ব্যাপারে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে এ আদেশ দেন আপিল বিভাগ।

আলী আজগরের প্রার্থিতা বাতিল হওয়ায় ময়মনসিংহ-১ আসনে বিএনপির আর কোনো প্রার্থী না থাকার আশঙ্কা করছেন দলের নেতা-কর্মীরা।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুমায়ুন মো. আবদুল্লাহ আল হাদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, চূড়ান্ত মনোনয়ন পাওয়া আলী আজগরের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে মনোনয়নপত্র স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। পরে আলী আজগর হাইকোর্টের আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগ গতকাল স্থগিতাদেশ বহাল রাখায় আলী আজগরের প্রার্থিতা বাতিল হয়।

এর আগে আলী আজগরের প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হতে পারে—এমন আশঙ্কায় অন্য প্রার্থী আফজাল এইচ খানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে তিনি দলের মনোনয়নপত্র নিয়ে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তা গ্রহণ করেনি।

আলী আজগরের প্রার্থিতা বাতিল হওয়ায় আসনটিতে বিএনপি প্রার্থীশূন্য হচ্ছে বলে স্থানীয় নেতা-কর্মীরা ধরে নিয়েছেন। ফলে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ জুয়েল আরেং নির্বাচনে বিজয়ের পথে অনেকখানি এগিয়ে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। গতকাল দিনভর হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ আলী আজগরের প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল এ নিয়ে আলোচনা। অনেকেই মন্তব্য করেন, হালুয়াঘাটে বিএনপির চারজনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। এরপরও শেষ পর্যন্ত প্রার্থীশূন্য হলে এ দায় বিএনপির। আলী আজগর ও আফজাল এইচ খান ছাড়াও এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও হালুয়াঘাট বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল।

দলীয় সূত্রে আরও জানা যায়, শেষ পর্যন্ত যদি আসনটিতে বিএনপির প্রার্থী না থাকেন, তাহলে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো দলের প্রার্থীকে মৌখিকভাবে সমর্থন দিতে পারে বিএনপি। তবে এ ব্যাপারে কোনো প্রার্থীর সঙ্গে বিএনপির কোনো আলোচনা হয়নি।

ময়মনসিংহ উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপির প্রার্থী না থাকলে কী হবে, এটি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে অগ্রিম কোনো মন্তব্য করা যাচ্ছে না।

ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আফজাল এইচ খান গত সোমবার রাত পৌনে সাতটার দিকে দলীয় মনোনয়নের চিঠি নিয়ে আসেন। ওই সময় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দও শেষ। তাই তাঁর চিঠি গ্রহণ করা হয়নি। ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী থাকবেন কি না, এটি নির্বাচন কমিশনের বিষয়। আমরা আইনের বাইরে কিছু করতে পারব না।’