প্রার্থীসহ চারজনের জেল-জরিমানা
বিশাল বাংলা ডেস্কনির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে গত শনিবার ও গতকাল রোববার পাবনা ও গাইবান্ধায় কাউন্সিলর ও সদস্য পদপ্রার্থীসহ চারজনের কারাদণ্ড ও জরিমানা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা জানান, আটঘরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোফাজ্জল হোসেন গতকাল সকাল ১০টার দিকে দেবত্বর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধভাবে ঢুকে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।গাইবান্ধা: সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের পশ্চিম কোমরনই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহীদুল ইসলাম ভোট গণনা শেষে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে গত শনিবার রাত নয়টার দিকে উপজেলা পরিষদের দিকে রওনা দেন। পথে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী দেলোয়ার খান ও তাঁর লোকজন প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশ দেলোয়ার খানকে গ্রেপ্তার করে। রাত একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আজিজুর রহমান তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাতেই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।চাটমোহর (পাবনা): উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইউপি সদস্য পদপ্রার্থী সাইদুল ইসলামকে (৩০) পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই দিন একই কেন্দ্রের ২০০ গজের মধ্যে ঢুকে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিমের সমর্থক মো. আবদুল্লাহ (২৫) নির্বাচনী প্রতীক নিয়ে ঘোরাফেরা করায় আদালত তাঁকে ৫০০ টাকা জরিমানা করেন।