১১ বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের কমিটি নেই। দ্বিধাবিভক্তি আর দলীয় কোন্দলের কারণে ওই কমিটি গঠন করা যায়নি বলে অভিযোগ রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৯৯৮ সালে সম্মেলনের মাধ্যমে রায়পুর পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন কামাল উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ডা. মঞ্জুরুল আলম। ওই কমিটি ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। এরপর আর কোনো কমিটি করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন, ১৯৯৬ সাল থেকে দ্বিধাবিভক্তিকে কেন্দ্র করে দলের মধ্যে কোন্দল বিরাজ করছে।সাধারণ নেতা-কর্মীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে সাবেক সাংসদ হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী কতিপয় নেতা ওই মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. আলী খোকনের পক্ষে অবস্থান নেন। পরে মো. আলী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে দুজনেরই শোচনীয় পরাজয় ঘটে।সর্বশেষ পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনকে মেয়র পদে দল থেকে অনানুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়। কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়ে একই পদে নির্বাচনে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রফিকুল হায়দার। যথারীতি দুজনই পরাজিত হন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী বলেন, ‘মূলত নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দলের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়। আমি উপজেলা চেয়ারম্যান হই, এটাও দলের অনেক জ্যেষ্ঠ নেতা চাননি।’