
টিনের ছাউনি দেওয়া মুখোমুখি দুটি পাকা ঘর। একটি উত্তরমুখী, অন্যটি দক্ষিণা। মাঝখানে বেশ বড় উঠান। পশ্চিমে ফলদ গাছপালা। তারপর আবাদি জমি। অন্য তিন দিকে ছোট-বড় অনেকগুলো পুকুর। একদল রাজহাঁস গলা টান করে উঠান পেরিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুকুরে। পাড়ের ওপর দিয়েই পায়ে চলার পথ। দুই কিনারা দিয়ে মূল্যবান কাঠের গাছপালার ঘন সন্নিবেশ। কোনো কোনো পুকুরের ওপর মাচা করে ব্রয়লার মুরগির খামার।
টুঙ্গিপাড়া-কোটালিপাড়া সড়ক থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে নিভৃত নিরিবিলি হিরণ গ্রামের পশ্চিম পাশের এই বাড়িটি নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর একাংশের প্রধান মুফতি আবদুল হান্নানের। সিলেটে ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলার মামলায় গত ১২ এপ্রিল ফাঁসির সাজা কার্যকর হয়েছে মুফতি হান্নানের। বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
৮ জুন মুফতির বাড়ির উঠানে বসে ফাঁসির পরের ঘটনার বর্ণনা দিলেন তাঁর চাচাতো ভাই ফরহাদ হোসেন। মুফতির অশীতিপর মা রাবিয়া বেগমও ছিলেন সঙ্গে। তবে তিনি কথাবার্তা বলেছেন কমই। তাঁরা বলেন, ওই দিন বিকেলে লাশ আসে বাড়িতে। কড়া পুলিশ পাহারা ছিল। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার নেপথ্য নায়ক মুফতির লাশ গ্রামে দাফন করতে না দিতে এলাকাবাসী বিক্ষোভ করেছিল। বাড়ির উঠানে অল্প কিছুক্ষণ মরদেহ রাখা হয়েছিল। পরিবারের সদস্যরা দেখার পর জানাজায় ইমামতি করেন মুফতির বড় ভাই মাওলানা আলিউজ্জামান। দাফনের পর তিন দিন পুলিশ পাহারা ছিল কবরের পাশে।
মুফতির স্ত্রী রুমা গ্রামের বাড়িতেই থাকেন। তবে তিনি আমাদের সামনে এলেন না, কথা বলতেও রাজি হলেন না। কথাবার্তা হলো মূলত ফরহাদ হোসেনের সঙ্গে। তিনিই বলেন, মুফতির পরিবার ২০০৫ সাল পর্যন্ত ঢাকায় থাকতেন। গোপালগঞ্জে ২০০০ সালে মুফতি ‘সোনার বাংলা সাবান ফ্যাক্টরি’ নামে একটি কারখানা করেছিলেন। পরে সেটি বন্ধ হয়ে যায়। তাঁর দুই মেয়ে দুই ছেলে। মেয়েরা গ্রামেই থাকে। বড় মেয়ে নিশি এসএসসি পাস। ছোট মেয়ে নাজনীন পড়ে স্থানীয় মহিলা মাদ্রাসায়। বড় ছেলে নাসরুল্লাহ যশোরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন। ছোট ছেলে নূরুল্লাহ ঢাকায় একটি মাদ্রাসায় পড়ালেখা করছে।
মুফতির মা ও ফরহাদ হোসেন বলেন, আর্থিক দিক থেকে তাঁদের কোনো সমস্যা নেই। জমির ফসল ওঠে। পুকুরগুলোয় মাছ চাষ হয়। কিছুদিন থেকে তাঁরা পুকুরের ওপরে ছোট ছোট মুরগির খামার করেছেন। এসব আয় থেকে সংসার চলে যায়। তবে মুফতির ফাঁসির পর থেকেই তাঁরা গ্রামে অনেকটা ‘একঘরে’ অবস্থায় আছেন। গ্রামবাসী তাঁদের এড়িয়ে চলছেন।
ছেলে যে এমন ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছেন, তা কি আঁচ করতে পারেননি, জানতে চাইলে মুফতির মা বলেন, ‘ছেলেপেলে বড় হলি তারা কোথায় কী করে বেড়ায়, তা কি সব বাবা-মায়েরে জানায়? এসব ইতিহাস আর কত লিখবেন। ওই পর্ব শেষ, আমরা আর কিছু বলতে চাই না।’ ফরহাদ হোসেন বলেন, ফাঁসির রায়ের পর থেকেই পরিবারের মধ্যে একরকমের ভয় ছড়িয়ে পড়েছে। সেই ভয় কাটেনি এখনো।
মুফতি আবদুল হান্নানের বাবা মুন্সি নূরুদ্দিন ছিলেন কৃষিজীবী। তিনি ১৯৭২ সালে মারা যান। হিরণ গ্রামের পশ্চিমাংশের প্রায় সবাই মুফতিদের জ্ঞাতিগোষ্ঠী। মুফতিরা ছয় ভাই। বড় ভাই আলিমুজ্জামানই গ্রামে থাকেন এবং পরিবারের দেখভাল করেন। গ্রামে তাঁদের প্রতিষ্ঠিত ‘হিরণ ইসলামিয়া মহিলা মাদ্রাসা’য় শিক্ষকতা করেন।
মুফতি হান্নান ছিলেন দেশে জঙ্গি হামলার অন্যতম নেপথ্য পরিকল্পনাকারী। গ্রেপ্তার হওয়ার পর তাঁর জবানবন্দি থেকেই জানা যায়, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ভেতর দিয়ে তাঁর সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু। এরপর ২০০০ সালের ২২ জুলাই কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মঞ্চের নিচে ৭৬ কেজি ওজনের বোমা পেতে রাখা, ২০০১ সালে ঢাকায় রমনা উদ্যানে উদীচী বর্ষবরণের প্রভাতি অনুষ্ঠানে বোমা হামলা, ২০০৪ সালে ২১ মে সিলেটে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের জনসভায় বোমা হামলাসহ অনেক সন্ত্রাসী ঘটনায় জড়িত ছিল হুজি। এসব জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩টি মামলা হয়েছিল মুফতি হান্নানের নামে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গোপালগঞ্জ সংবাদদাতা}