নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায় একটি কম্পিউটার শোরুমে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা শোরুমে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও কম্পিউটার সামগ্রীসহ ৮০ থেকে ৯০ লাখ টাকার মালামাল লুট করে বলে জানা গেছে। নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, আলামত দেখে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। ডাকাতের হামলায় আহত প্রতিষ্ঠানের প্রহরী মো. মনিরের পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে। সিআইডি পুলিশের বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আলামত সংগ্রহ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ও প্রতিষ্ঠানের কর্মীদের ভাষ্যমতে, ওই দিন রাত দেড়টার দিকে চার-পাঁচজনের একদল সশস্ত্র ডাকাত ‘কম্পিউটার সোর্স’ নামের ওই শোরুমে হানা দেয়। ডাকাতেরা প্রতিষ্ঠানের প্রহরী মনিরকে কুপিয়ে আহত করে হাত-পা বেঁধে লুটপাট চালায়। এ সময় তারা বেশ কিছু ল্যাপটপ ও অন্যান্য কম্পিউটার সামগ্রী এবং বিপুল পরিমাণ নগদ টাকাসহ ৮০ থেকে ৯০ লাখ টাকার সম্পদ লুট করে। গতকাল সকাল আটটার পর অন্য প্রহরী তাঁর শিফটের দায়িত্ব পালন করতে এসে মনিরকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি শোরুমের অন্য কর্মচারীদের খবর দিলে ঘটনাটি জানাজানি হয়। এ ব্যাপারে শোরুমের ব্যবস্থাপক মো. হারুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে এক কর্মচারী ফোন ধরে ‘স্যার ব্যস্ত আছেন’ বলে ফোন কেটে দেন। পরে অন্য এক কর্মচারী বলেন, সারা দেশে তাঁদের প্রতিষ্ঠানের ৩৩টি শাখা রয়েছে। কিছুদিন আগে একই কায়দায় বগুড়া ও বরিশালেও তাঁদের প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ‘ঘটনাটি ডাকাতি নাকি অন্য কিছু, এখনি নিশ্চিত করে বলা যাবে না। আহত প্রহরী সুস্থ হয়ে উঠলে আসল রহস্য বেরিয়ে আসতে পারে।’