নরসিংদীর বেলাব উপজেলায় গতকাল বুধবার অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা, প্রায় পাঁচ লাখ ৭২ হাজার ইটসহ সরঞ্জামাদি জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। উপজেলার ইব্রাহীমপুর গ্রামের আরএমবি ব্রিকস ও যমুনা ব্রিকস নামের দুটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। নরসিংদী পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ করা স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করে পুরাতন ব্রহ্মপুত্র নদতীরবর্তী এলাকায় চার-পাঁচ বছর ধরে ইটভাটা দুটি পরিচালিত হচ্ছিল। গতকাল সকাল নয়টার দিকে অভিযান চালিয়ে ইটভাটা দুটির সব স্থাপনা ভাঙাসহ ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লিও অচল করে দেওয়া হয়। সূত্রটি আরও জানায়, অভিযানের সময় প্রায় পাঁচ লাখ ৭২ হাজার পোড়া ও কাঁচা ইট, ১৫০ মেট্রিক টন কৃষি জমির ওপরের উর্বর মাটি (টপ সয়েল), ৪ দশমিক ৫ মেট্রিক টন জ্বালানি কাঠ এবং ৬ দশমিক ৫ মেট্রিক টন কয়লা জব্দ করা হয়। পাশাপাশি মালিকদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়।ইব্রাহীমপুর গ্রামের লিয়াকত আলী, মো. মোস্তফা মাস্টার ও শাহীন পাশা জানান, ইটভাটা দুটির মালিকেরা নির্বিচারে আশপাশের কৃষি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এমনকি পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র থেকেও অপরিকল্পিতভাবে মাটি তুলছেন। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মুনীর চৌধুরী বলেন, বেআইনিভাবে ইটভাটা দুটি চালানো হচ্ছিল। তবে অভিযানকালে ভাটা দুটির মালিকপক্ষের কাউকেই পাওয়া যায়নি।