প্রায় তিন মাস দুঃসময় গেল: প্রধানমন্ত্রী
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতায় মাঝখানে প্রায় তিন মাস দুঃসময় গেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাই ধৈর্য ধরে এ অবস্থা মোকাবিলা করায় তাঁদের ধন্যবাদও জানান তিনি। একই সঙ্গে তিনি নাশকতা ও জঙ্গি কর্মকাণ্ড বন্ধে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী সচিবালয়ে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, পটুয়াখালী ও নেত্রকোনা জেলার প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, ঢাকা ও বরিশাল বিভাগের আরও কয়েকটি জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বরিশাল বিভাগে ঝালকাঠি ও পটুয়াখালীর মাঝামাঝিতে সেনাবাহিনীর জন্য একটি ডিভিশন হবে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘জ্বালাও-পোড়াও, নানা ধরনের সন্ত্রাসী, জঙ্গি কর্মকাণ্ড করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজেই এ ধরনের ঘটনা যাতে আর কেউ ঘটাতে না পারে এবং জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সে ব্যাপারে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন।’
স্থানীয় সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি কালবৈশাখীর এই মৌসুমে ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, একেকটি জেলা একেকটি বিষয়ের জন্য বিশেষায়িত থাকে। এগুলো খুঁজে বের করে সেগুলোকে আরও উন্নত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, পটুয়াখালী বাংলাদেশের সব থেকে উন্নত একটি এলাকা হতে যাচ্ছে। সে ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় তিনি বরিশাল, নেত্রকোনাসহ ওই সব অঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান।
ভিডিও কনফারেন্সে ওই সব এলাকার স্থানীয় কর্মকর্তা ও কয়েকজন জনপ্রতিনিধি বক্তব্য দেন।