প্রায় দুই মাস ধরে সড়কজুড়ে গাছ
দিনাজপুরের হাকিমপুরের আলীহাট ইউনিয়নের জাংগইল বাজার সড়কের ওপর প্রায় দুই মাস ধরে পড়ে থাকা শতবর্ষী বটগাছ এখনো অপসারণ করা হয়নি। এতে এলাকাবাসীর চলাচলসহ বাজারের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, গত ২৩ মে ঝড়ে গাছটি উপড়ে পড়ে। সরেজমিনে গত শুক্রবার দেখা যায়, বাজারের মাঝ দিয়ে হরিণাগুমাড়া-খাট্টাউছনা হয়ে গেছে হিলি সড়ক। গাছটি সড়কের ওপর দিয়ে ওপাশে সড়কসংলগ্ন একটি ওষুধের দোকানের ওপর পড়ে দোকানটি পুরো বিধ্বস্ত ও স্থানীয় ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুখীমন বেগমের বাড়িতে ডাল পড়ে বাড়ির একাংশের দেয়াল ধসে যায়। তা ছাড়া সড়কজুড়ে গাছটি পড়ে থাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানুষের চলাচলও দুষ্কর।
ওষুধ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, গাছটির কিছু অংশ তাঁর দোকানের ওপর পড়ে পুরো দোকানই ভেঙে গেছে। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। যখন গাছটি উপড়ে পড়ে, তখন দোকানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত মহিলা ইউপি সদস্য সুখীমন বেগম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গাছটি সরাতে বারবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি। পরে বাধ্য হয়ে নিজ খরচে বাড়ির ওপর পড়া গাছের অংশ অপসারণ করিয়েছেন।
বাজারের ধান ব্যবসায়ী রাজকুমার কর্মকার বলেন, ধান কেনাবেচার মৌসুমে বাজারের সড়কটির ওপর গাছটি উপড়ে পড়ে। এতে অনেক ধান ব্যবসায়ীর আড়তে ধান বহনকারী ট্রাক বা অন্য কোনো যানবাহন পৌঁছাতে পারেনি। এ ঘটনায় ধান ব্যবসায়ীদের এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বাজার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, এই বাজার থেকে সরকার প্রতিবছর রাজস্ব পায়। অথচ গাছটি সরাতে কর্তৃপক্ষ উদাসীন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, গাছটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। ন্যায্য দাম না পাওয়ায় এটি নিলামে দেওয়া যাচ্ছে না। ন্যায্য দাম পেলেই বিক্রি করে গাছটি অপসারণ করা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।