প্রায় দুই লাখ শিক্ষার্থী ভর্তি হতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৯৫ হাজার ৫১৪ জন শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ছয় হাজার ৩১টি আসনের জন্য তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৩২ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, দুই লাখ ১১ হাজার ১৭৩ জন আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। গত ৩০ সেপ্টেম্বর প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত ১৫ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করেননি। সূত্র জানায়, ‘ক’ ইউনিটে এক হাজার ৫৫৩টি আসনের বিপরীতে ৫১ হাজার ৫৭৮ জন, ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৩০৩ জন, ‘গ’ ইউনিটে ৯৭৫টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৮৫৫ জন, বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটে এক হাজার ছয়টি আসনের বিপরীতে ৬৭ হাজার ৪৫৬ জন এবং ‘চ’ ইউনিটে ১১৯টি আসনের বিপরীতে তিন হাজার ৩২২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ইউনিট অনুযায়ী আবেদনপত্র সংগ্রহকারীর সংখ্যা হিসাব করলে ‘ক’ ইউনিটে প্রতিটি আসনের জন্য ৩৩ জন, ‘খ’ ইউনিটে ১৪ জন, ‘গ’ ইউনিটে ৪০ জন, ‘ঘ’ ইউনিটে ৬৭ জন এবং ‘চ’ ইউনিটে ২৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৪ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২১ অক্টোবর ‘খ’ ইউনিটের, ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের, ১৮ নভেম্বর ‘ঘ’ ইউনিটের এবং ২৫ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভর্তির আবেদনপত্র সংগ্রহ, জমা ও প্রবেশপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। যাঁরা সংগ্রহ করেননি, তাঁদের আর সুযোগ নেই।