প্রায় দেড় কোটি টাকার আমানত নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ‘প্রিমিয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি (পিএমসিএল)’ নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকের এক কোটি ৩২ লাখ টাকা নিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সম্প্রতি টাকা ফেরত পাওয়ার দাবিতে দুজন গ্রাহক রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে দুটি মামলা করলে আদালত প্রতিষ্ঠানটির রাজবাড়ী কার্যালয়ের ব্যবস্থাপক হেদায়েত মওলা লালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে হেদায়েত মওলা পলাতক।
প্রতিষ্ঠানটির রাজবাড়ীর কার্যালয় সূত্রে ও গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরের ঘোষপট্টির সেলিম চৌধুরী কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় ২০১০ সালে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর প্রতিষ্ঠানটি এক লাখ টাকার বিপরীতে এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত মাসিক মুনাফা দেওয়ার কথা বলে আমানত সংগ্রহ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আমানত জমাকারীর সংখ্যা ৯০ জন। তাঁদের কাছ থেকে প্রতিষ্ঠানটি মোট এক কোটি ৩২ লাখ টাকা আমানত সংগ্রহ করে।
২০১৩ সালের জুলাই থেকে প্রতিষ্ঠানটির ঢাকার মৌচাকের প্রধান কার্যালয়টি বন্ধ করে কর্মকর্তারা গা ঢাকা দেন। এরপর অক্টোবর মাস থেকে রাজবাড়ীর গ্রাহকদের কোনো মুনাফা দেওয়া হচ্ছে না। গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য সমবায় অধিদপ্তর থেকে ওই বছরের ১৬ নভেম্বর গ্রাহকদের নিয়ে আট সদস্যের কমিটি গঠন করা হয়। এ ছাড়া টাকা ফেরত পাওয়ার দাবিতে দুজন গ্রাহক চলতি বছরের ১৯ মার্চ রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে মামলা করেন।
শহরের লক্ষ্মীকোল এলাকার অবসরপ্রাপ্ত চাকরিজীবী মোকলেস উদ্দিন বলেন, ‘শুরুতে প্রতি লাখে দুই হাজার টাকা করে মাসিক মুনাফা দিচ্ছিল। কিন্তু অক্টোবর মাস থেকে কোনো মুনাফা দেওয়া পাচ্ছি না।’
অর্থ ফেরত পাওয়ার জন্য গঠন করা কমিটির সদস্য খান মো. রেজাউল হক জানান, গ্রাহকদের নিয়ে কমিটি গঠন করা হলেও সেটি তেমন কোনো কাজে আসছে না। তিনি ওই প্রতিষ্ঠানে আট লাখ টাকা বিনিয়োগ করেছেন। এখন অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তিনি।
প্রিমিয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির রাজবাড়ী শাখার ব্যবস্থাপক হেদায়েত মওলাকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।