রাজশাহীর বাগমারা উপজেলায় মা-ছেলে হত্যাকাণ্ডে দায়ের করা মামলার অভিযোগপত্র এখনো দিতে পারেনি পুলিশ। প্রায় দেড় বছর আগে এ হত্যাকাণ্ড ঘটে। এরপর চারবার মামলার তদন্ত কর্মকর্তা বদলেছে। শেষ পর্যন্ত চাঞ্চল্যকর মামলা হিসেবে এটি বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গেলে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন তিন ব্যক্তিকে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আদালতে আওয়ামী লীগের নেতা আবুল হোসেন ওরফে আবুল মাস্টারকে এ হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উপজেলার দেউলা গ্রামে ২০১৪ সালের ২৩ নভেম্বর মা আকলিমা খাতুন (৪৫) ও ছেলে জাহিদুল ইসলাম (২৫) নিজ ঘরে খুন হন। দুজনকেই জবাই করে হত্যা করা হয়। পরদিন সকালে মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরপরই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাগমারা থানায় মামলা করেন নিহত আকলিমার আরেক ছেলে দুলাল হোসেন।
পিবিআই গত ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে জানায়, মুঠোফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে গত বছরের ২০ ডিসেম্বর জেলার দুর্গাপুর উপজেলার পাঁচজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে নিহত জাহিদুলের মুঠোফোন পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া এ পাঁচজন হলেন লক্ষ্মীপুর গ্রামের আবদুর রাজ্জাক (২৮), শ্যামপুরের আবদুল্লাহ আল কাফি (২০), রুহুল আমিন (২৯), মনিরুল ইসলাম (২৭) ও কাশিপুরের রুস্তম আলী (২৫)।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে আবদুর রাজ্জাক, আবদুল্লাহ আল কাফি ও মনিরুল ইসলাম খুনের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে গত ২০ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ সময় তাঁরা বলেন, ঘটনার রাতে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেউলা রানী রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন ওরফে আবুল মাস্টার তাঁদের ভাড়া করে নিয়ে আসেন। ওই রাতেই আবুল মাস্টার ও সহযোগী রফিক তাঁদের আকলিমা খাতুনের বাড়ির ভেতরে ঢুকিয়ে নেন।
পরে তাঁরা দুই দলে ভাগ হয়ে আকলিমার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁর ও পাশের ঘরে ঘুমন্ত ছেলে জাহিদুলের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন। আবুল মাস্টার অন্যদের সহযোগিতায় ধারালো চাকু দিয়ে প্রথমে আকলিমাকে জবাই করেন। মাকে হত্যার পরপরই পাশের ঘরে এসে জাহিদুলের গলায় চাকু চালান। এ সময় জাহিদুল লাফিয়ে উঠলে সবাই মিলে তাঁকে মাটিতে ফেলে চেপে ধরলে আবুল মাস্টার দ্বিতীয় দফায় চাকু চালিয়ে তাঁকে জবাই করে হত্যা করেন। ওই রাতেই হত্যাকাণ্ডের জন্য তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিন আসামি।
এদিকে আসামিরা গ্রেপ্তারের পর থেকেই আবুল মাস্টার আত্মগোপন করেন। এখনো পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বাদী দুলাল হোসেন বলেন, আবুল মাস্টার সম্পর্কে তাঁর চাচা হন। তিনি হিংস্র স্বভাবেরও ছিলেন। হত্যাকাণ্ডের পর তাঁর আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা দিলেও তিনিই (আবুল মাস্টার) খুন করেছেন, তা বিশ্বাস করতে পারছিলেন না বলে জানান দুলাল হোসেন। তবে কেন তাঁর মা ও ভাইকে হত্যা করা হলো, তা ভেবে পাচ্ছেন না।
দুলাল হোসেন আরও বলেন, চার দফায় মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। প্রায় দেড় বছরেও থানা-পুলিশ মামলার কোনো কূলকিনারা করতে পারেনি। শেষ পর্যন্ত গত নভেম্বরে মামলাটি পিবিআইয়ের হাতে গেছে। তারপরও এখন পর্যন্ত আবুল মাস্টার ও তাঁর সহযোগী রফিক গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে আছেন।
এদিকে আত্মগোপনে থাকা আবুল মাস্টারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, একটি স্পর্শকাতর মামলা হিসেবে গত নভেম্বরে এটি পিবিআইয়ের হাতে আসে। এখন তদন্ত চলছে। তদন্তের স্বার্থেই সব গোপন রাখা হয়েছে। আসামিদের জবানবন্দির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।