প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারী ১৮ বছর ধরে বেতন পান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাত উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটি ১৩, কোনোটি ১৮ বছরেও এমপিওভুক্ত হয়নি। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৬৭টি শিক্ষা–প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি কলেজ, ২৬টি উচ্চবিদ্যালয় ও ২৭টি মাদ্রাসা রয়েছে। উপজেলা অনুসারে, সদর উপজেলায় ৫টি, ফুলছড়িতে ৫টি, সাদুল্যাপুরে ১৪টি, পলাশবাড়ীতে ৪টি, গোবিন্দগঞ্জে ১৫টি, সুন্দরগঞ্জে ১৫টি ও সাঘাটায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।
এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে চার কিলোমিটার ও কলেজের ক্ষেত্রে ছয় কিলোমিটারের মধ্যে কোনো প্রতিষ্ঠান থাকবে না, ১০ হাজার জনসংখ্যার জন্য মাধ্যমিক বিদ্যালয় ও ৭৫ হাজার জনসংখ্যার জন্য কলেজ হতে হবে, শিক্ষা বোর্ডের একাডেমিক স্বীকৃতি, পাসের হার ন্যূনতম ৫০ শতাংশ, এক একর জমি, অবকাঠামোসহ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ২০০ জন শিক্ষার্থী ও ২৩ জন শিক্ষক-কর্মচারী, কলেজের ক্ষেত্রে ২৫০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক-কর্মচারী থাকতে হবে। দাখিল মাদ্রাসার ক্ষেত্রে চার কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো মাদ্রাসা থাকবে না। ১০ হাজার মানুষের জন্য একটি মাদ্রাসা, ২৫০ জন শিক্ষার্থী ও ৩৫ জন শিক্ষক-কর্মচারী থাকতে হবে। কিন্তু এসব নিয়ম পূরণ হলেও ওই ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে না।
সদর উপজেলার লেংগাবাজার আইডিয়াল কলেজ ১৯৯৮ সালে স্থাপিত হয়। কলেজটি ১৯৯৯ সালে পাঠদানের অনুমতি ও ২০০৩ সালে একাডেমিক স্বীকৃতি পায়। কিন্তু দীর্ঘ প্রায় ১৮ বছরেও এমপিওভুক্ত হয়নি। কলেজের দপ্তরি আতোয়ার রহমান বলেন, ‘কলেজে দায়িত্ব পালন করছি, বেতন পাচ্ছি না। বাধ্য হয়ে চায়ের দোকান দিয়েছি। এখানকার আয় দিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছি।’
কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার বলেন, ‘নিয়মিত পাঠদান করছি কিন্তু বেতন নেই। এমপিও হবে হবে বলে চাকরি ছাড়তে পারছি না।’ কলেজটির অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়মিত পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্য দশটি কলেজের মতো সবই আছে। কেবল বেতন-ভাতা নেই। এমপিওভুক্তির জন্য শিক্ষামন্ত্রীকে আবেদন জানিয়েও কাজ হচ্ছে না।
১৯৯৮ সালে স্থাপিত সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুরুয়াবাদা ইসলামী বালিকা দাখিল মাদ্রাসাও এমপিওভুক্ত হয়নি। একই উপজেলার পরাণ আদর্শ উচ্চবিদ্যালয় ১৯৯৬ সালে স্থাপিত হয়। একাডেমিক স্বীকৃতি পায় ১৯৯৮ সালে। কিন্তু দীর্ঘ ১৬ বছরেও এমপিওভুক্ত হয়নি। গোবিন্দগঞ্জের পাটোয়া মেহেদীবাগ উচ্চবিদ্যালয় ১৯৯৮ সালে স্থাপিত হয়ে ২০০৩ সালে স্বীকৃতি পায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ শেখ বলেন, ‘আর কত বিনা বেতনে পাঠদান করব, জানি না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, এমপিওভুক্তির জন্য ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা যথাসময়ে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। এখানে জেলা শিক্ষা কার্যালয়ের করণীয় নেই।