প্রায় দ্বিগুণ দামে কেনা তার ওপর ওজনে কম
সাড়ে ১২ কেজি ওজনের এলপি গ্যাসভর্তি প্রতিটি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ৭০০ টাকা। কিন্তু পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। তার ওপর বেশির ভাগ সিলিন্ডারে পরিমাণমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। ভোক্তাদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সুযোগ কাজে লাগিয়ে অসাধু ডিলার ও ব্যবসায়ীরা যেমন বেশি দাম আদায় করছেন, তেমনি তাঁদেরই একটি অংশ কারসাজি করে সিলিন্ডার থেকে এক-দেড় কেজি করে গ্যাস বের করে নিচ্ছেন।ডিলার ও গ্যাস ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দুই উপজেলায় প্রতি মাসে প্রায় দেড় হাজার সিলিন্ডার গ্যাসের চাহিদা রয়েছে। কিন্তু সরকারিভাবে পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে চাহিদার এক-চতুর্থাংশেরও কম সরবরাহ পাওয়া যায়। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কিছু সিলিন্ডার পাওয়া গেলেও সেগুলোর প্রতি ভোক্তাদের আগ্রহ কম।জানা গেছে, সরকারি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সিলিন্ডারের চাহিদা ভোক্তাদের কাছে বেশি। কিছু অসাধু ডিলার ও ব্যবসায়ী প্রকৃত সরবরাহের চেয়ে আরও কম সরবরাহের গুজব ছড়িয়ে সিলিন্ডারপ্রতি দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। তবে বিপিসির বাঘাবাড়ী ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি সিলিন্ডার ডিলারদের কাছে ৬৬৮ টাকায় সরবরাহ করা হয়। ডিলারদের তা ৭০০ টাকায় বিক্রির কথা। অথচ সরেজমিনে দেখা গেছে, প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে ৩০০ টাকায়।ডিলারদের অভিযোগ, বাঘাবাড়ী ডিপোতে উৎপাদন কম—এই অজুহাত দেখিয়ে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। অথচ ডিপোর কয়েকজন অসাধু কর্মকর্তা অতিরিক্ত টাকা নিয়ে কয়েকজন ডিলারের কাছে তা সরবরাহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, বছর দুয়েক আগেও প্রতি মাসে প্রায় ১৫০ সিলিন্ডার পাওয়া যেত। অথচ বর্তমানে এর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫টিতে। ব্যবসা টিকিয়ে রাখতে সামান্য বরাদ্দ পাওয়া এই সিলিন্ডারগুলো বেশি দামে বিক্রি ছাড়া কোনো উপায় নেই।এদিকে ভোক্তারা জানান, বেশি দামে গ্যাস কিনেই শুধু ঠকছেন না তাঁরা। সিলিন্ডারগুলোতে গ্যাসের পরিমাণও কম থাকছে। বেড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী গৌর কর্মকার জানান, সিলিন্ডারের গ্যাস পুড়িয়ে গয়না তৈরির কাজ করতে হয়। আগে গ্যাসের পরিমাণ নিয়ে সমস্যা ছিল না। কিন্তু এখন মাঝেমধ্যেই গ্যাস কম থাকে বলে স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় দিন আগেই সিলিন্ডার খালি হয়ে যায়। বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার গৃহবধূ শিখা রাহা বলেন, ‘গ্যাসভর্তি সিলিন্ডারগুলো আগে যেমন ভারী লাগত, এখন তার চেয়ে বেশ হালকা লাগে। এখন প্রতিটি সিলিন্ডার পাঁচ থেকে সাত দিন কম চলে।’নাম প্রকাশে অনিচ্ছুক বেড়ার একাধিক ডিলার বলেন, গুটিকয়েক অসাধু গ্যাস ব্যবসায়ী একটি চক্রের সহায়তায় সিলিন্ডার থেকে গ্যাস বের করে নিচ্ছেন। তবে গ্রাহকেরা সিলিন্ডারের মুখে থাকা নিরাপত্তা-ক্যাপ পরখ করে নিলে তাঁদের ঠকার ভয় নেই।বিপিসির বাঘাবাড়ী ডিপোর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আবদুল মজিদ ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় তাঁরা সরবরাহ কম পাচ্ছেন। তার পরও সরবরাহ যা পাওয়া যাচ্ছে, তা ডিলারদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। সিলিন্ডারে গ্যাস কম থাকার ব্যাপারে তাঁরা কখনো কোনো অভিযোগ পাননি।