প্রায় নয় কেজি স্বর্ণসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় নয় কেজি স্বর্ণসহ জামাল উদ্দিন নামে এক যাত্রীকে আজ বুধবার সকালে আটক করা হয়েছে।

বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী জামাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করে ৭৫টি সোনার বার আটক করা হয়, যার ওজন আট কেজি ৭৫ গ্রাম। আটক স্বর্ণের দাম পৌনে চার কোটি টাকা। 

মো. মশিউর রহমান আরও জানান, আটক যাত্রী জামাল উদ্দিনের ঢাকায় নামার কথা ছিল। তাঁর বাড়ি ফেনীতে।

আটক যাত্রী জামাল উদ্দিন কাস্টম হাউসের কর্মকর্তাদের জানান, দুবাইয়ের সুমন নামের এক ব্যক্তি সোনার বারসহ ব্যাগটি ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য তাঁকে দায়িত্ব দেয়। বিমানভাড়াসহ সব খরচও বহন করেন সুমন।

এ বছর শাহ আমানত বিমানবন্দরে প্রায় ১৯ কোটি টাকার নয়টি সোনার চালান জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা হলেও সোনার বার পাচারের মূল উত্স এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। শুধু সোনার বার পাচারের বাহকদের আটক করা হয়েছে।