প্রায় পাঁচ মাসেও কেউ ধরা পড়েনি, হতাশ স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পরও খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, হত্যাকারীদের নাম-ঠিকানা পাওয়া গেছে। গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে খুনিরা ধরা না পড়ায় তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন নাজিমউদ্দিনের স্বজনেরা।
এ মামলার তদন্তকারীদের ধারণা, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) একটি স্লিপার সেল নাজিমউদ্দিনকে হত্যা করেছে। পুলিশ বলেছে, এই ধারণার সূত্র ধরে আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করে হত্যাকারীদের সম্পর্কে তথ্য মিলেছে।
গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন একরামপুর মোড়ে ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে নাজিমউদ্দিনকে হত্যা করে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। নাজিমউদ্দিন সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। নাজিমউদ্দিন হত্যার ঘটনায় সূত্রাপুর থানায় করা মামলাটি প্রথমে তদন্ত করে ওই থানার পুলিশ। পরে মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেখান থেকে গত জুনে মামলাটি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে (সিটি) স্থানান্তর করা হয়।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, তদন্তে পাওয়া তথ্যের সূত্র ধরে গত ১২ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সূত্রাপুর থেকে ঈদী আমিন ও বি এম মুজিবুর রহমান নামে আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ১৯ এপ্রিল ডিবি ও সিটির দল যৌথ সিলেট থেকে মেহেদি হাসান অমি ওরফে রাফী ওসামা ওরফে হাসান আবদুল্লাহ ও সাহেদকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। এঁরাও আনসার আল ইসলামের সদস্য। নিহত নাজিম আগে সিলেটের জালালাবাদের আম্বরখানা এলাকায় থাকতেন। গত বছরের ১০ আগস্ট সেখানে তাঁকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেছিল একদল সন্দেহভাজন।

সূত্র বলেছে, মেহেদি হাসান আনসার আল ইসলামের সিলেটের নেতা। মেহেদি ও সাহেদ আনসার আল ইসলামের সামরিক শাখায় যোগ দেওয়ার জন্য লোকজনকে উৎসাহিত করতেন, তাঁদের প্রশিক্ষণ ও অভিযানের জন্য সংগঠনের অন্য নেতাদের কাছে পাঠাতেন। সামরিক শাখায় নিয়োগ করা কয়েকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিটির ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলাটি ডিবি তদন্ত করার সময় জঙ্গি মেহেদি হাসান ও সাহেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হত্যাকারীদের নাম-ঠিকানা পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, গত ১৯ মে বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাসহ ব্লগার খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ছয়জনের নাম ও ছবি প্রকাশ করে ডিএমপি তাঁদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে, তাঁদের অন্তত দুজন নাজিম হত্যায় জড়িত বলে সিটি তথ্য পেয়েছে। তাঁরা ধরা পড়লে হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্য জানা যাবে।

নাজিমউদ্দিনের ফুপাতো ভাই সাদেক আহমদ আজাদ গণমাধ্যমকর্মী। তিনি প্রথম আলোকে বলেন, জঙ্গিরাই নাজিমউদ্দিনকে খুন করেছে। এত দিনেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া হতাশাজনক। নাজিমের তিন ভাই-ই লন্ডনপ্রবাসী। তাঁরাও এ নিয়ে হতাশ। তাঁদের একমাত্র ছোট বোন সিলেটের কেরানীবাজার গ্রামের বাড়িতে বৃদ্ধা মাকে দেখাশোনা করেন। খুন হওয়ার আগে নাজিম মাঝেমধ্যে বাড়িতে এসে বার্ধক্যজনিত অসুস্থ মাকে দেখে যেতেন।

সাদেক আহমদ বলেন, মামলার বিষয়ে পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করে না। লন্ডনে অবস্থানরত নাজিমের তিন ভাই দূতাবাসের মাধ্যমে কয়েক দিনের মধ্যে সন্দেহভাজন কয়েকজনের নাম তদন্তকারীদের কাছে পাঠাবেন বলে তাঁকে ফোনে জানিয়েছেন।