প্রায় প্রতি মাসে আদালতে সাক্ষ্য দিতে হয়: আসামিপক্ষের সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চতুর্থ সাক্ষী মো. আবুল হোসেন গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন। পরে জেরায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় প্রতি মাসেই তাঁকে আদালতে সাক্ষ্য দিতে হয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামিপক্ষের তৃতীয় সাক্ষী মো. নুরুল হক হাওলাদার অসুস্থতার জন্য হাজির না থাকায় আবুল হোসেন (৫৬) জবানবন্দি দেন। পরে তাঁকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। আসামির কাঠগড়ায় সাঈদী হাজির ছিলেন।জেরার একপর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানতে চান, আসামিপক্ষের সাক্ষী এ পর্যন্ত কতবার আদালতে সাক্ষ্য দিয়েছেন? জবাবে আবুল হোসেন বলেন, তিনি জীবনে অনেক মামলায় সাক্ষ্য দিয়েছেন, তবে সেগুলো যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের জন্য। তবে এ ধরনের মামলায় তিনি এই প্রথম সাক্ষ্য দিতে এসেছেন। প্রায় প্রতি মাসেই তাঁকে আদালতে সাক্ষ্য দিতে হয়।এর আগে জবানবন্দিতে আবুল হোসেন বলেন, ১৯৬৮ সাল থেকে তিনি যশোরের নতুন উপশহরের ‘এ’ ব্লকের ১৮৫ নম্বর বাড়িতে থাকেন। পাশের ১৮৪ নম্বর বাড়িতে থাকতেন শেখহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, ১৮৩ নম্বর বাড়িতে থাকতেন একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের এবং ১৮২ নম্বর বাড়িতে সাঈদী থাকতেন। একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে যশোর শহর থেকে অনেক পরিবার নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছিল। এই চার প্রতিবেশী পরিবারের অভিভাবকেরা আলোচনা করে এলাকা ত্যাগের সিদ্ধান্ত নেন। ৩ বা ৪ এপ্রিল তাঁরা (চার পরিবারের লোকজন) শেখহাটিতে চলে যান। পরদিন সকালে যান ধানঘাটা গ্রামে। ওই গ্রামে তাঁরা আবুল খায়েরের মামার বাসায় সাত-আট দিন থাকেন। খায়ের তাঁর মামার বাসায় থেকে যান, তাঁদের ও শহীদুলের পরিবার ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সাঈদী বাঘারপাড়া থানার মহীরণ গ্রামে তাঁর এক পীরের বাড়িতে যান। এরপর সাঈদীর সঙ্গে আর দেখা হয়নি।জেরায় এক প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, তিনি ১০-১২ বছর ধরে যশোরের ‘স্কয়ার ইলেকট্রিক’ নামের দোকানে চাকরি করেন। আরেক প্রশ্নের জবাবে বলেন, একাত্তরে তাঁদের পরিবার প্রথমে ধানঘাটা গ্রাম ছেড়েছিল। একই দিনে পরে সাঈদী ওই গ্রাম ছাড়েন।জেরার শেষ দিকে সৈয়দ হায়দার আলী মত (সাজেশন) দেন, ‘সাক্ষ্য দেওয়া আপনার পেশা এবং আসামিপক্ষের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে আপনি এই মামলায় সাক্ষ্য দিতে এসেছেন।’ সাক্ষী বলেন, এটা সত্য নয়।এই মামলায় আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।কামারুজ্জামানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ সেপ্টেম্বর: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। গতকাল সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও সাক্ষী হাজির না থাকায় মামলার কার্যক্রম মুলতবি করা হয়।