প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জাতীয় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি l প্রথম আলো
জাতীয় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি l প্রথম আলো

* শুধু জায়নামাজ আনা যাবে

* মোবাইল ফোন বা কোনো ধরনের ডিভাইস আনা যাবে না

* সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে

* বৃষ্টি হলে জামাত হবে নয়টায় বায়তুল মোকাররমে

লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদুল ফিতর সামনে রেখে প্রতিবছরের মতো এবার এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নারীদের জন্যও আলাদা নামাজ পড়ার ব্যবস্থা থাকছে জাতীয় ঈদগাহে।

ঈদের দিন সকাল সাড়ে আটটায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ঈদ জামাতে অংশ নেবেন। তবে বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে সকাল নয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

গতকাল শুক্রবার ঈদগাহ ঘুরে দেখা গেছে, নামাজের জন্য মাঠে প্যান্ডেল তৈরির মূল কাজ শেষ হয়েছে। সেখানে নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের কাজ চলছে। মুসল্লিদের জন্য প্যান্ডেলে ফ্যান লাগানো হচ্ছে। এ ছাড়া বৃষ্টি হলে যেন নামাজের স্থানে পানি না জমে, সে জন্য নিচু জায়গাগুলোতে বালু ও মাটি ফেলার কাজ করছেন শ্রমিকেরা।

তবে নামাজ আদায়ের জন্য মূল প্যান্ডেলের ভেতরে জায়নামাজ বিছানোর কাজ হবে চাঁদ রাতে। এবার ঈদ বর্ষার মধ্যে হওয়ায় বৃষ্টিনিরোধক ত্রিপল লাগানো হচ্ছে শামিয়ানার ওপর। শেষ হয়েছে ঈদগাহ মাঠের সীমানা ও আশপাশের গাছে রং করার কাজও। ময়দানের সামনের মিনারে রং লাগানো শেষ। মাঠের ঘাসও ইতিমধ্যে কেটে সমান করা হয়েছে।

ঈদগাহ মাঠের ব্যবস্থাপনায় নিয়োজিত আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ইতিমধ্যে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন করপোরেশনের কর্মকর্তারা। আর নিরাপত্তার দিকটি দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে জাতীয় ঈদগাহের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে প্রধান জামাতে প্রায় ৮৪ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। পাঁচ হাজার নারীর নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে। মাঠের ২ লাখ ৭০ হাজার ২৭৭ বর্গফুট এলাকা বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে। মাঠে ৭০০ সিলিং ও ১০০টি পেডেস্টাল পাখা লাগানো হয়েছে। ১৪০টি অজুর জায়গা করা হয়েছে। এ ছাড়া একটি ভ্রাম্যমাণ শৌচাগারও থাকছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, পুরো মাঠ প্রস্তুত করতে ২২০ জন শ্রমিক ১৩ রমজান থেকে কাজ করছেন। ঈদ বর্ষাকালে হওয়ায় পানিনিষ্কাশনে বিশেষভাবে গুরুত্ব বেশি দিতে হচ্ছে।

গতকাল দুপুরে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদগাহ মাঠের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, মুসল্লিদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা কেবল জায়নামাজ সঙ্গে আনতে পারবেন। অন্য কোনো ধরনের ডিভাইস, মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন না।

ঈদগাহ মাঠে কর্মরত পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আজ শনিবারের মধ্যেই নিরাপত্তার জন্য ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর কাজ শেষ হয়ে যাবে। এ ছাড়া ঈদগাহের নিরাপত্তায় থাকবে সোয়াট টিম। থাকবে ডগ স্কোয়াডও। ঈদগাহের চারপাশে সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।