প্রায় সব কটি নির্বাচন নিয়েই ছিল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ও দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ২১২টি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছিল। এর পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত চার ধাপে অনুষ্ঠিত হয়েছে ২৫৯টি উপজেলা নির্বাচন। কিছু ব্যতিক্রম ছাড়া এসব ধাপের প্রায় সব কটি নির্বাচন নিয়েই প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞ ও নির্বাচন-সংশ্লিষ্টদের মতে, এ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে সরকারের যে গর্ব ছিল, তা নষ্ট হয়ে গেছে। ২০০৭ সাল থেকে বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের যে ভাবমূর্তি গড়ে উঠেছিল, তা-ও চরম বিতর্কিত হয়েছে।
এখন পর্যন্ত দেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৭১টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সীমানা-সংক্রান্ত জটিলতায় বাকি রইল ১৬ উপজেলার নির্বাচন।
এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২৩০ ও বিএনপি ১৫৯টি উপজেলায় বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন ১৪ জন, বিএনপির নয়জন। এ ছাড়া জামায়াত ৩৬, জাতীয় পার্টি তিন এবং নির্দলীয় ও অন্যান্য দল মিলিয়ে ২০ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
ভোট কারচুপি, ভয়ভীতি ও সহিংসতা নিয়ে চলমান সমালোচনার মধ্যেও গত মঙ্গলবার ১২টি উপজেলা নির্বাচনের মধ্যে সাতটিতে অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের নির্বাচনব্যবস্থা যে পর্যায়ে গিয়েছে, তা গণতন্ত্রের জন্য শুভ নয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক দলগুলোকেই ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, প্রথম দুটি ধাপের নির্বাচন গ্রহণযোগ্য ছিল, কিন্তু এর পরেরগুলোতে জঘন্য নির্বাচন হয়েছে।
ড. তোফায়েল বলেন, প্রার্থীদের অনেকেই সংবাদ সম্মেলন করে দায়িত্ব শেষ করেছেন। জানামতে, আমতলী ছাড়া আর কোনো উপজেলা নির্বাচন নিয়ে মামলা হয়নি।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৭টি, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১১৪টি, ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮১টি, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯১টি, ৩১ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি এবং ১৯ মে ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া পীরগঞ্জ, মহেশখালী ও ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয় ভিন্ন ভিন্ন তারিখে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ১৬টি উপজেলায় ৬৫টি কেন্দ্রে ব্যাপক অনিয়ম লক্ষ করা যায়। বিএনপি তিন দফায় সংবাদ সম্মেলন করে প্রথম ধাপের নির্বাচনে ৭৬৩টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তোলে।
দ্বিতীয় ধাপে ২৬ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৩৫টি কেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি-জামায়াত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। তার পরও ১১৫টি উপজেলায় নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছিল।
তৃতীয় ধাপে সহিংসতায় তিনজন মারা যান। আহত হন দুই শতাধিক। ১৫ মার্চ এই ধাপে ৮১টি উপজেলায় নির্বাচন হয়। কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা, প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিক বেড়ে যায় ওই দিনের নির্বাচনে।
চতুর্থ ধাপে ৯১টি উপজেলার মধ্যে অন্তত ৪০টিতে সহিংস ঘটনা ঘটে। এ ধাপেও বেশির ভাগ উপজেলায় সরকারি দলের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটে।
৩০ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি উপজেলায় নির্বাচন হয়। এই পর্বে সরকার-সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা ব্যাপক আকার ধারণ করে। প্রতিবাদে অর্ধশতাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুপুরের আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ছুটি নিয়ে দেশের বাইরে ছিলেন। গত ৩ মার্চ তিনি দেশ ত্যাগ করেন, ফিরে আসেন ১৪ এপ্রিল। ফিরে এসে ভোট জালিয়াতি ও সহিংসতা সম্পর্কে ১৬ এপ্রিল তিনি সাংবাদিকদের বলেছিলেন, যেটা হয়েছে সেটা সিইসি থাকলেও হতো, না থাকলেও হতো। আর গত সোমবার সিইসি বললেন, নির্বাচন আগের চেয়ে ভালো হয়েছে।
আওয়ামী লীগ ২৩০
বিএনপি ১৫৯
জামায়াত ৩৬
জাতীয় পার্টি ৩
অন্যান্য ৪৩