প্রায় হাজার কোটি রুপি অনুমোদন দিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত প্রস্তাবিত রেলপথ স্থাপনের জন্য প্রায় এক হাজার কোটি রুপি অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল রোববার ভারতের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আইএএনএস এক প্রতিবেদনে এ কথা জানায়।
ত্রিপুরার পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক জানান, গত শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইন বসানো ও জমি অধিগ্রহণের জন্য ৫৮০ কোটি রুপি মঞ্জুর করা হয়েছে।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রেলপথের বাংলাদেশ অংশে লাইন স্থাপন ও জমি অধিগ্রহণের জন্য ৪০০ কোটি রুপি দিতে রাজি হয়।
আগরতলা-আখাউড়া রেলপথের দৈর্ঘ্য হবে মোট ১৫ কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশে হবে পাঁচ কিলোমিটার। ভারতের কেন্দ্রীয় কেবিনেট সেক্রেটারি প্রদীপ কুমার সিনহা এই রেলপথ প্রকল্পের বিষয়টি তত্ত্বাবধান করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬ ও ৭ জুন ঢাকা সফরের সময় আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে এই রেল যোগাযোগ স্থাপিত হলে উভয় পক্ষের আর্থসামাজিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।