রাজধানীর পল্লবীতে রূপনগর খাল উদ্ধার অভিযানের তৃতীয় দিনে গতকাল সোমবার প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে ‘রূপনগর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, প্রধান কার্যালয়’ লেখা সাইনবোর্ড থাকা স্থাপনাকে মালামাল সরিয়ে নিতে তিন দিন সময় দেওয়া হয়েছে।ঢাকা ওয়াসা গত শনিবার থেকে রূপনগর খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। অভিযান চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ওয়াসা সূত্র জানায়, খালে প্রায় ৫০০ অবৈধ স্থাপনা আছে। গতকাল পর্যন্ত এর মধ্যে প্রায় ৪৫০টি অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে।গতকাল সকাল ১০টায় রূপনগর আবাসিক এলাকার পূর্বপাশ থেকে ওয়াসার অভিযানকারী দল উচ্ছেদ শুরু করে। বিকেল পর্যন্ত অভিযানে খালের সীমানার ভেতর থাকা প্রায় ১০০ স্থাপনা উচ্ছেদ করা হয়। এগুলোর মধ্যে আধা পাকা দোকান, বিভিন্ন সংগঠনের সাইনবোর্ড থাকা স্থাপনা, কয়েকটি বহুতল ভবনের দেয়াল রয়েছে।তবে ‘রূপনগর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, প্রধান কার্যালয়’ লেখা-সংবলিত সাইনবোর্ড থাকা একটি আধা পাকা স্থাপনা উচ্ছেদ করতে গেলে নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে ওই সমিতির বেশ কয়েকজন সদস্য উচ্ছেদ না করার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে অভিযানকারী দল মালামাল সরিয়ে নিতে সমিতিকে তিন দিনের সময় দেয়।এ বিষয়ে ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা বলছেন, তাঁরা মুক্তিযোদ্ধা। তাই তাঁদের তিন দিনের সময় দেওয়া হয়েছে।ওই সমিতির সভাপতি আলী আকবর দাবি করেন, ‘আমরা সময় নিইনি, ম্যাজিস্ট্রেটই আমাদের সময় দিয়েছেন। ভেঙে দিলে দিক। আমরা ওই জায়গা থেকে উঠব না।’ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, এর আগে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে মুক্তিযোদ্ধা নামধারীদের স্থাপনাও উচ্ছেদ করা হয়। তাঁরা আত্মাহুতির হুমকিও দিয়েছিলেন। পরে জানা যায়, আসলে সেখানে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙানো হতো।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. গোলাম মোস্তফা সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে ফোন করে জানান, তাঁর স্ত্রী রূপনগরের আরামবাগে একটি আবাসন কোম্পানির কাছ থেকে জমি কিনেছিলেন। সেখানে তাঁদের নির্মাণাধীন স্থাপনার পিলার গতকাল ভেঙে দেওয়া হয়। তিনি বলেন, আড়াই বছর আগেও তাঁদের সীমানা দেয়াল ভেঙে দিয়ে পরে ওয়াসার লোকজন দুঃখপ্রকাশ করেছিলেন।ওয়াসার একজন প্রকৌশলী জানান, আবাসন কোম্পানিগুলো এখানে বরাদ্দ দেওয়া সব প্লট বাতিল করে অন্য জায়গায় প্লট দিয়েছে।এদিকে উচ্ছেদ হওয়া একটি টিনশেড ঘরের মালিক রাশিদা অভিযোগ করেন, শনিবার উচ্ছেদের সময় এক ব্যক্তি নিজেকে অভিযানকারী দলের সদস্য দাবি করে তাঁদের স্থাপনা ভাঙা হবে না, এমন আশ্বাস দিয়ে তিনিসহ কয়েকজনের কাছ থেকে দুই থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু সেদিনই তাঁদের স্থাপনা ভেঙে ফেলা হয়। এ বিষয়ে ওয়াসার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।