প্রায় ১১ শতাংশ শিক্ষার্থী হাঁপানি ও তিন শতাংশ মাদকাসক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী হাঁপানি বা অ্যাজমায় আক্রান্ত এবং ৩ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী মাদকাসক্ত। গত রোববার বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের গ্যালারিতে ‘বাকৃবিতে শিক্ষা, স্বাস্থ্য ও মাদকাসক্তি-গবেষণা প্রতিবেদন’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়। এ সময় ভেটেরিনারি অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২-এর শিক্ষার্থীদের চারটি গবেষক দল (এ, বি, সি ও ডি) পৃথক বিষয়ে গবেষণা প্রতিবেদন পেশ করে। এই গবেষণা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মো. তৌহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন জালাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।‘এ’ দলের প্রতিবেদন অনুসারে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী অ্যাজমায় আক্রান্ত। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের (১৪ দশমিক ৭) শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অ্যাজমায় এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের (৬ দশমিক ২) শিক্ষার্থী সবচেয়ে কম অ্যাজমায় আক্রান্ত। আবাসিক হলগুলোর মধ্যে জামাল হোসেনের শিক্ষার্থীরা অ্যাজমায় বেশি (১৮ দশমিক ৩) আক্রান্ত এবং ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা সবচেয়ে কম (২ দশমিক ৫) আক্রান্ত। ‘বি’ দলের প্রতিবেদন মতে, ক্যাম্পাসে অ্যাজমা রোগের প্রধান কারণগুলো হলো: ঠান্ডা, ধুলাবালু, খাদ্য, পারিবারিক অ্যাজমা ও ধূমপান। ‘সি’ দলের প্রতিবেদন অনুসারে, ক্যাম্পাসে মাদকাসক্ত শিক্ষার্থী শতকরা ৩ দশমিক ১। আশরাফুল হক হলের শিক্ষার্থীরা বেশি মাদকাসক্ত এবং সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীদের কোনো মাদকাসক্তি নেই। ‘ডি’ দলের গবেষণা প্রতিবেদন মতে, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষায় খারাপ ফলের মূল কারণগুলো হলো রাজনীতি, পড়াশোনায় উদাসীনতা বা অনিচ্ছা ও রোগব্যাধি।