প্রায় ২০ বছর পর মামলার রায়, ৩ জনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে কাপাসিয়ায় মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র গিয়াস উদ্দিনকে অপহরণ করে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঞা এ আদেশ দেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর আজ দুপুরে এ মামলার রায় হলো।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ গ্রামের আতাউর রহমান, আলম হোসেন ও মো. ইউসুফ। রায় ঘোষণার সময় প্রথম দুজন আদালতে উপস্থিত থাকলেও পরের জন পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গাজীপুরের কাপাসিয়ার সালদৈ গ্রামের নিজ বাড়ি থেকে আবদুল বাতেন ব্যাপারীর স্কুলপড়ুয়া ছেলে গিয়াস উদ্দিনকে আসামিরা অপহরণ করেন। পরে তাঁরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে হত্যার হুমকি দেন। এ বিষয়ে আবদুল বাতেন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধারের পর হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয়।
দীর্ঘ প্রায় ২০ বছর পর আজ দুপুরে আদালত রায় ঘোষণা করেন। রায়ে তিনজনকে ফাঁসি ও দুজনকে অব্যাহতি দেওয়া হয়।