প্রায় ৪ হাজার হজযাত্রীর যাওয়া নিয়ে অনিশ্চয়তা
ভিসা পেলেও প্রায় চার হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যাত্রীসংকটের কারণে একের পর এক হজ ফ্লাইট বাতিল হওয়ায় শেষ মুহূর্তে এসে এই সংখ্যক যাত্রীর জন্য আসন পাওয়া যাচ্ছে না। তাই তাঁদের সৌদি আরবে পাঠানো নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস উদ্বিগ্ন।
হজ ভিসার জন্য সৌদি দূতাবাসে আবেদনের বর্ধিত সময়ের শেষ দিন ছিল গতকাল সোমবার। কিন্তু ৯৯৩ জনের পাসপোর্ট শেষ মুহূর্তেও জমা না পড়ায় তাঁদের ভিসা পাওয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছে আশকোনার হজ কার্যালয়।
হজযাত্রীদের ভিসার আবেদনের শেষ দিন ছিল ১৭ আগস্ট। ভিসার আবেদন করতে বাকি থাকা হজযাত্রীদের কথা ভেবে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে সৌদি দূতাবাস অনানুষ্ঠানিকভাবে গতকাল পর্যন্ত সময় বাড়ায়।
ধর্ম মন্ত্রণালয় বলেছে, হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ ও সৌদি—এই দুই এয়ারলাইনসে প্রায় চার হাজার হজযাত্রী পরিবহন নিয়ে সংকট আছে। তবে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যদি বিমানকে আরও দুই দিন হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়, তাহলে এই সংকট থাকবে না। সব হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
অথচ যাত্রীসংকটের কারণে গত ২৪ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ৩৩টি হজ ফ্লাইট বাতিল ও পেছানো হয়েছে। সর্বশেষ গত রোববারও বিমানের একটি হজ ফ্লাইট পেছানো হয়। এ ছাড়া আসন ফাঁকা নিয়েও কয়েকটি হজ ফ্লাইট সৌদি আরব গেছে।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। হজ কার্যালয়ের হিসাবে, গতকাল বিকেল পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ২০৫ জন ভিসা পেয়েছেন। গতকাল বিমানের সাতটি ও সৌদি এয়ারলাইনসের চারটি ফ্লাইটে ৪ হাজার ৩০৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে যাত্রীর অভাবে এসব ফ্লাইটেও ২৩৬টি আসন ফাঁকা গেছে।
গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। গতকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৮ হাজার ২০৯ জন হজযাত্রী। হজ ফ্লাইট সূচি অনুযায়ী, বিমানের শেষ প্রাক্-হজ ফ্লাইট ২৬ আগস্ট। আর সৌদি এয়ারলাইনসের শেষ প্রাক্-হজ ফ্লাইট ২৭ আগস্ট। বাকি দিনগুলোতে ভিসা পাওয়া ৩৭ হাজার ৯৯৬ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে।
হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, যে গতিতে হজযাত্রী যাচ্ছেন, তাতে চার হাজার যাত্রীর আসনস্বল্পতা বা সংকট আছে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সব বিকল্প ব্যবস্থা ও চেষ্টা অব্যাহত আছে।
অভিযোগ উঠেছে, কিছু হজ এজেন্সির মক্কা ও মদিনায় সময়মতো বাড়িভাড়া না করা, ভিসা করায় দেরির কারণে এই সংকট সৃষ্টি হয়েছে।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, বাকি দিনগুলোতে বিমান পূর্ণসংখ্যক যাত্রী নিয়ে হজ ফ্লাইট পরিচালনা করলেও ১ হাজার ৫৪২ জন হজযাত্রী পরিবহন করতে পারবে না।
বিমান বাড়তি দুদিন প্রাক্-হজ ফ্লাইট পরিচালনার জন্য সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, এক দিন বেশি হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পেলেও দেড় হাজার হজযাত্রীকে পাঠানো যাবে। তবে অনুমোদন এখনো পাওয়া যায়নি।