নওগাঁর আত্রাই উপজেলার প্রায় ৩০ জন কৃষক ধান বীজ কিনে প্রতারিত হয়েছেন। ওই বীজের লাগানো প্রায় ৪০ বিঘা জমির প্রায় সব ধান চিটা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষক ওই বীজ বিক্রেতার শাস্তি ও তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন।
উপজেলার দর্শনগ্রামের প্রতারিত কৃষক প্রিন্স মাহমুদ অভিযোগ করে বলেন, তিনি নাটোরের সিংড়া সদর বাজার থেকে মেসার্স আল আমিন ট্রেডার্স নামের একটি দোকান থেকে জিরা ধানের বীজ চেয়েছিলেন। তাঁকে তখন অধিক ফলনের কথা বলে ‘গাজীপুর সিড লিমিটেড কোম্পানির তাজ জিরা’ নামের ধান বীজ দেওয়া হয়। প্রতি কেজি ৩০০ টাকা দরে ২ কেজি ওজনের ২৭ প্যাকেট বীজ কেনেন তিনি। কিন্তু তাঁকে ভেজাল বীজ দেন আল আমিন টের্ডাসের মালিক আমিনুল ইসলাম। তিনি নিজেকে গাজীপুর সিড লিমিটেড কোম্পানির পরিবেশক বলে দাবি করেন। বর্তমানে ওই পরিবেশক পলাতক। প্রতিদিনই ভুক্তভোগী কৃষকেরা ওই দোকানে ভিড় করছেন। ওই বীজের চারা দিয়ে লাগানো প্রিন্স মাহমুদের ১২ বিঘা জমির প্রায় ৯৫ শতাংশ ধান চিটা হয়ে গেছে।
দর্শনগ্রামের মনসুর আহমেদ, কাওছার আলী, আবদুর রাজ্জাকসহ ছয়-সাতজন কৃষক বলেন, সিংড়া বাজারের আল আমিন ট্রেডার্স থেকে বীজ কিনে তাঁরাও প্রতারিত হয়েছেন। জমি তৈরি, নিড়ানি, সার-কিটনাশকসহ প্রতি বিঘা জমিতে প্রায় ১০ হাজার টাকা করে খরচ হয়েছে। এখন খেতে যে পরিমাণ ধান হয়েছে, তাতে লাভ তো দূরের কথা খরচের অর্ধেক টাকাও উঠবে না।
প্রিন্সের মতো আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের নন্দীগ্রাম ও ইসলামপুর গ্রামের আরও অন্তত ৩০ জন কৃষক এই প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগী বর্গাচাষি আবদুর রাজ্জাক বলেন, তিনি ১ বিঘা জমি বর্গা নিয়ে ওই দোকান থেকে বীজ কিনে তা রোপণ করেছিলেন। কিন্তু এখন ওই জমির সব ধানই চিটা হয়ে গেছে তাঁর।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দূর থেকে দেখে মনে হয় ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো খেতের সব ধানই পেকে গেছে। কিন্তু কাছে যেতেই বোঝা যায়, প্রায় সব ধানই চিটা। ধানের শিষগুলো হাতে নিয়ে দেখা যায়, প্রতিটি ধানগাছের থোড়ে প্রায় ৯০ শতাংশ ধানই চিটা। অথচ ওই খেতের পাশেই অন্য কৃষকদের ধান ভালো রয়েছে।
এ ব্যাপারে আল আমিন ট্রেডার্সের পরিবেশক আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার কোম্পানি ওইসব ক্ষতিগ্রস্ত জমির ধানের নমুনা পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। যদি বীজের কারণে এই সমস্যা হয়, তাহলে কৃষকদের ক্ষতিপূরণ দিব।’
আত্রাই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল মৃধা বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকেরা সুনিদিষ্টভাবে অভিযোগ করলে ওইসব বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কাউছার হোসেন বলেন, ‘ওই কোম্পানির বীজ লাগিয়ে কৃষকদের প্রায় ৪০ বিঘা জমির ধানে চিটা হয়েছে। যেহেতু ওই পরিবেশক উপজেলার বাইরের, তাই তাঁকে আটক করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের কার্যক্রম অব্যাহত রেখেছি।’