প্রায় ৮০০ পুকুরের ইজারা মেয়াদোত্তীর্ণ হচ্ছে আজ
সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ায় বিস্তৃত চলনবিল এলাকার প্রায় ৮০০ সরকারি পুকুরের ইজারার মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। গতকাল বুধবার পর্যন্ত ওই পুকুরগুলোর বিষয়ে সরকারি কোনো নির্দেশনা না আসায় সেগুলো নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা স্থাপন করা হচ্ছে।১৯৮৬ সালের ২১ জানুয়ারি সরকারের কাছ থেকে এই পুকুরগুলো ইজারা নিয়ে গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন মাছ চাষ করে আসছিল। অভিযোগ পাওয়া গেছে, জাল দলিলের মাধ্যমে পুকুরগুলো দখলে নিতে স্থানীয় প্রভাবশালী পক্ষ উঠেপড়ে লেগেছে।স্থানীয় প্রশাসন ও পুকুরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন তিনটি জেলার পাঁচটি উপজেলার ৭৮১টি পুকুর ২৫ বছর মেয়াদে ইজারা নিয়েছিল। আজ ওই ইজারার মেয়াদ শেষ হওয়ার কথা। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, এই বিপুলসংখ্যক পুকুর কীভাবে, কাদের ইজারা দেওয়া হবে, তা নিয়ে একটি নীতিমালা পাওয়ার কথা ছিল তাদের। কিন্তু দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তাই স্থানীয় ভূমি কার্যালয়ের মাধ্যমে সেগুলো দখলে রাখতে লাল পতাকা স্থাপন করা হচ্ছে।গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের ব্যবস্থাপক আকতার হামিদ বলেন, ‘ইজারা নবায়ন না হলে আগামী ২১ জানুয়ারি উল্লিখিত পুকুর ও জমিসহ সব স্থাপনা সরকার বরাবরে ছেড়ে দিতে হবে। এতে ফাউন্ডেশনের সঙ্গে জড়িত দেড় শ কর্মী বেকার হয়ে পড়বে। কর্মহীন হয়ে পড়বে ৩০২টি ভূমিহীন মৎস্য সমিতির তিন হাজার ৪০০ পরিবার। এই পুকুরগুলোর দখল নিতে দীর্ঘদিন থেকে একটি মহল জাল দলিল করে মামলা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।এলাকার বেশ কয়েকজন বাসিন্দাও এই অভিযোগ সমর্থন করেন।এ বিষয়ে তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান বলেন, ‘ইজারার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু কোনো নির্দেশনা আসেনি। তাই জেলা প্রশাসকের নির্দেশে পুকুরগুলোয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লাল পতাকা স্থাপন করা হচ্ছে। অবৈধভাবে কেউ দখল করতে এলে তাদের কাঠোরভাবে প্রতিহত করা হবে।’এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘জাল কাগজ করে পুকুর দখল করা হবে—এমন গুঞ্জন রয়েছে। কিছু পুকুর প্রভাবশালীরা দখল করার চেষ্টাও করেছিল। এ নিয়ে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তাও পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসন এ বিষয়ে নজর রেখেছে।’সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সভা হওয়ার কথা রয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত আমাদের জানানো হবে।’