প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে পোড়া রোগীদের মৃত্যুঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিপব্রেকিং ইয়ার্ড, তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু বিশেষায়িত হাসপাতাল ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এসব দুর্ঘটনায় অগ্নিদগ্ধ রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। এতে রোগীদের মৃত্যুঝুঁকি বাড়ছে। গত দুই বছরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড-সংশ্লিষ্ট বার্ন ইউনিটে ৩০ জন দগ্ধ রোগী মারা গেছেন। জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চারটি সার্জারি ওয়ার্ডে (একটি শিশু সার্জারি) গড়ে প্রতিদিন ৭০-৮০ জন দগ্ধ রোগী থাকে। একটি সার্জারি ওয়ার্ডের এক কোণে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ১৩ শয্যাবিশিষ্ট একটি বার্ন ইউনিট উদ্বোধন করা হয়। কিন্তু শয্যার অভাব ও চিকিৎসক-সংকটের কারণে এ বার্ন ইউনিটে কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে দগ্ধ রোগীদের এখন বাকি তিনটি সার্জারি ইউনিটে সাধারণ রোগীদের মতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘কলকারখানা, শিপব্রেকিং ইয়ার্ড, পোশাকশিল্প ইত্যাদিতে দুর্ঘটনায় চট্টগ্রামে অনেকে দগ্ধ হচ্ছে। কিন্তু সেখানে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। ১০০ শয্যার একটি পূর্ণাঙ্গ বার্ন ইউনিট শিগগিরই করা দরকার। এটা হলে শুধু চট্টগ্রাম নয়, নোয়াখালী, কক্সবাজার, রাঙামাটিসহ আশপাশের জেলার মানুষ চিকিৎসা পেত।’ তিনি বলেন, ‘পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা না থাকায় চট্টগ্রামের অনেকে ঢাকায় আসছে। কিন্তু গরিব রোগীদের পক্ষে তো এটা সম্ভব নয়।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, ২৪ নম্বর সার্জারি ওয়ার্ড-সংশ্লিষ্ট বার্ন ইউনিটে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩১২ জন দগ্ধ রোগী ভর্তি হয়। ২০০৯ সালে ৩০১ জন ও ২০০৮ সালে ছিল ২৭৪ জন। বাকি দুটি সার্জারি ইউনিটে প্রতিবছর গড়ে ৩০০ জন করে দগ্ধ রোগী ভর্তি হয়। এ ছাড়া দগ্ধ শিশুদের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এখানে ২০০৯ সালে দগ্ধ শিশুরোগী ছিল ৩৮৮ জন। চলতি বছর এই সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে। শিশু সার্জারি ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক তাহমিনা বানু বলেন, ‘বছর বছর দগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের এখানে দিনে গড়ে ২০-৩০ জন রোগী থাকে। এসব রোগীকে দীর্ঘদিন নিবিড় পরিচর্যায় রাখতে হয়। কিন্তু অন্যান্য রোগীর চাপে আমরা বেশি দিন তাদের ওয়ার্ডে রাখতে পারি না। তাই একটি বিশেষায়িত হাসপাতাল দরকার।’বার্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক আইয়ুব আলী বলেন, ‘আমাদের নিজস্ব অস্ত্রোপচারকক্ষ নেই, পর্যাপ্ত চিকিৎসক নেই। অথচ পোড়া রোগীদের চিকিৎসার জন্য সার্বক্ষণিক অস্ত্রোপচারকক্ষ দরকার।’ তিনি আরও বলেন, ‘শিল্প এলাকা হিসেবে চট্টগ্রামে অগ্নিকাণ্ড বেশি ঘটছে, রোগীও দিন দিন বাড়ছে। তাই এখানে অন্তত ১০০ শয্যার একটি বার্ন হাসপাতাল করা জরুরি।’