রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রটি প্রায় প্রতিদিন বন্ধ থাকে। খোলা থাকলেও চিকিৎসা দেন এমএলএসএস। এতে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
রংপুর জেলা সিভিল সার্জন আহাদ আলী গত শনিবার সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ দেখতে পান। এ ব্যাপারে জানতে চাইলে জেলা সিভিল সার্জন আহাদ আলী মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে উপস্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ পেয়েছি। সেখানে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
উপস্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, সেখানে এমবিবিএস চিকিৎসক, চিকিৎসা সহকারী, ফার্মাসিস্ট ও এমএলএসএস রয়েছেন একজন করে। চিকিৎসক মালিহা কুদ্দুস ও চিকিৎসা সহকারী শফিকুল ইসলামকে দেড় বছর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়। গত ৭ জানুয়ারি ফার্মাসিস্ট কাওছার রহমানকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এরপর চিকিৎসা সহকারী শফিকুল ইসলামকে কেন্দ্রটির দায়িত্ব দেওয়া হয়। দুই সপ্তাহ আগে তিনি বদলি হয়ে গেছেন।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর এই প্রতিবেদক তিন দিন উপস্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে দুই দিন বন্ধ পান। ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা ও দুপুর সাড়ে ১২টার দিকে এবং ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির সামনে রোগীর ভিড়। কেন্দ্রটি তালাবদ্ধ। মঙ্গলবার সকাল ১০টার দিকে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি খোলা পাওয়া গেলেও চিকিৎসক ছিলেন না। রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন এমএলএসএস রোজিনা ইয়াছমিন।
সোনাপাড়া গ্রামের মোকছেদুল হক মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে ওষুধ নিতে আসেন। তিনি রোজিনা ইয়াছমিনকে বলেন, তাঁর তিন দিন ধরে পাতলা পায়খানা। রোজিনা তাঁকে দুটি খাবার স্যালাইন দেন। ‘শুধু স্যালাইনে রোগ সারবে?’ এমন প্রশ্নে তাঁকে তিনটি মেট্রোনিডাজোল ট্যাবলেট দেওয়া হয়। লালদীঘি গ্রামের আনোয়ারা বেগম, জাহেদা বেগম, দিলালপুরের আবদুল হকসহ আরও ১০ জনকেও বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়।
রোজিনা বেগম বলেন, ‘এসব পত্রিকায় লিখবেন না। আমার চিকিৎসা দেওয়ার এখতিয়ার নেই। কিন্তু চিকিৎসক না আসায় কিছু রোগীর অনুরোধে ওষুধ দিচ্ছি।’
বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে চেপে উপস্বাস্থ্যকেন্দ্রে আসেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা নাজির রহমান। তিনি বলেন, ‘আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত রয়েছি। আমাকে এখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।’
পাঠানেরহাট গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘এই হাসপাতালটা (উপস্বাস্থ্যকেন্দ্র) খালি বন্ধ থাকে। মাঝেমধ্যে দুপুরে একজন মোটরসাইকেলোত আসি খুলিয়া এক ঘণ্টাও থাকে না। বন্ধ করি চলি যায়।’
উপস্বাস্থ্যকেন্দ্রটি নিয়ে গত বছরের ১ অক্টোবর প্রথম আলোয় ‘চিকিৎসা দেন এমএলএসএস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
লালদীঘি গ্রামের হারুন অর রশিদ বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর কয়েক দিন কেন্দ্রটি ঠিক সময়ে খোলা ও বন্ধ করা হয়েছিল। তখন একজন এমবিবিএস চিকিৎসকও বসেছিলেন। কিন্তু এখন আর সেই চিকিৎসক বসেন না। এরপর রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করেন একজন ফার্মাসিস্ট। তিনিও এখন আর আসেন না। উপস্বাস্থ্যকেন্দ্রটি বেশির ভাগ সময় বন্ধ থাকায় রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, এমএলএসএস ১ থেকে ১০ ফেব্রুয়ারি ছুটিতে থাকায় কেন্দ্রটি খোলা ও বন্ধে সমস্যা হয়েছিল। একজন চিকিৎসক সপ্তাহের মঙ্গলবার রোগী দেখেন। চিকিৎসক-সংকটের কারণে এখন পিয়ন চিকিৎসা দিচ্ছেন। কিছুদিন পর তাঁকেও পাওয়া যাবে না।