প্রায়ই মিলছে হাড়গোড়-খুলি, ধ্বংসস্তূপে তল্লাশির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে এখনো মিলছে মানুষের মাথার খুলি, কঙ্কাল আর হাড়গোড়। কয়েক দিন আগে পথশিশুরা রড আর পরিত্যক্ত মালামাল কুড়াতে গেলে বেরিয়ে আসে হাড়গোড় ও খুলি। উদ্ধার হওয়া হাড়গোড় ও খুলি ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযান শেষের আট মাস পরও ধ্বংসস্তূপের ভেতর হাড়গোড় ও খুলি উদ্ধার হওয়ায় আবার উদ্ধার অভিযান শুরুর দাবি তুলেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন সংগঠন। দাবি আদায়ে বিক্ষোভও করছেন তাঁরা।
পুলিশসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ১৪ মে উদ্ধার সেখানে অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। এর পরও রানা প্লাজার পাশে ফেলে রাখা ধ্বংসস্তূপে কঙ্কাল, মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার হচ্ছে। গত ১৩ ডিসেম্বর পথশিশু সাগর (১০), জিহাদ (৯), আক্তার (১০) ও বাবুল (১২) ধ্বংসস্তূপ থেকে একটি মস্তকবিহীন কঙ্কাল কুড়িয়ে পায়। একই সময় কয়েক গজ দূরে একটি মাথার খুলি পাওয়া যায়।
সাগর ও জিহাদ জানায়, কঙ্কালটি প্যান্টের ভেতরে আটকে ছিল। প্রায় নষ্ট হয়ে যাওয়া প্যান্টে কঙ্কালের সঙ্গে একটি পরিচয়পত্র ও মুঠোফোন পাওয়া যায়।
ওই পরিচয়পত্র ও মুঠোফোনের সূত্র ধরে কঙ্কালটি ধসে পড়া রানা প্লাজার তিনতলার নিউ ওয়েব বটমসের সুইং সহকারী ওবায়দুলের বলে নিশ্চিত হয় পুলিশ। ওবায়দুল ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডাকিরকান্দা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
জানা গেছে, পথশিশুরা গত ২২ ডিসেম্বর ধ্বংসস্তূপে আরেকটি মাথার খুলি কুড়িয়ে পায়। পরে তারা খুলিটি সংগ্রহ করে রানা প্লাজার সামনে নির্মিত স্মৃতিফলকের সামনে রেখে চলে যায়। খবর পেয়ে কয়েক শ মানুষ সেখানে জড়ো হয়ে ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর দাবি জানান। একপর্যায়ে তাঁরা ওই ধ্বংসস্তূপে আগুন ধরিয়ে দেন। পরে ২৬ ডিসেম্বর আল-আমিন, রাজুসহ কয়েকজন পথশিশু রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপে বেশ কয়েকটি হাড় ও আংশিক মাথার খুলি উদ্ধার করে। খবর পেয়ে আবার এলাকার লোকজন ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা সেখানে গিয়ে বিক্ষোভ করেন। তাঁরা আবার ধ্বংসস্তূপের ভেতর তল্লাশির ব্যবস্থা করার দাবি জানান। একইভাবে ২৮ ডিসেম্বর হাড়গোড় ও একটি মাথার খুলি কুড়িয়ে পায় পথশিশুরা। পরে পুলিশ সেগুলো থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া কঙ্কাল, খুলি ও হাড়গোড়ের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিখোঁজ শ্রমিক সায়লা আক্তারের মা জামিলা বেগম বলেন, ‘রানা প্লাজা ভাইঙ্গা আমার মাইয়া নিখোঁজ অইচে। তাঁর লাশটাও পাইলাম না। মেডিকেলে রক্ত দিয়াও লাভ অইল না। আমার মনে অয়, এই আবর্জনার মধ্যেই অর লাশটা আচে।’
রানা প্লাজায় উদ্ধারকাজে যুক্ত খোয়াজ আলী বলেন, ধ্বংসস্তূপে আটকে পড়া অনেককে হাত-পা কেটে উদ্ধার করা হয়েছে। আবার অনেকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী যন্ত্রের সাহায্যে উদ্ধার অভিযান চালানোর সময় বিচ্ছিন্ন হাত-পা, মাথা ধ্বংসস্তূপের সঙ্গে চলে যেতে পারে, আবার দু-একটি মরদেহ চলে যেতে পারে ধ্বংসস্তূপের সঙ্গে। আরও হাড়গোড় ও কঙ্কাল আছে কি না, তা নিশ্চিত হতে আবার উদ্ধার অভিযান চালানো দরকার। এ জন্য অনুমতি চেয়ে আবেদনও করেছেন তিনি।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, সরকারি হিসাবে নিখোঁজের সংখ্যা বলা হয়েছে ৩৩২ জন। কিন্তু লাশের দাবিদার রয়েছে ৫৫৩টি পরিবার। দুই হিসাবের মধ্যে পার্থক্য ২২১। তাই এই ২২১ জনের লাশ অন্য কোনোভাবে নিখোঁজ থাকতে পারে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রতিদিনই হাড়গোড় উদ্ধারের বিষয়টি রহস্যজনক। একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বাইরে থেকে হাড়গোড় এনে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে বলে চালানোর চেষ্টা করছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা প্রথম আলোকে বলেন, ধ্বংসস্তূপে আবার উদ্ধার অভিযান চালানোর দাবি উঠেছে। রানা প্লাজা ধসের বিষয়টি জাতীয় ইস্যু, স্থানীয় প্রশাসনের এতে কিছু করার নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তিনি বলেন, রানা প্লাজা এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। সেখানে পথশিশুরা কীভাবে হাড়গোড় কুড়িয়ে পাচ্ছে, তা বোধগম্য নয়।