প্রিঅ্যাকটিভেট সিমের বিরুদ্ধে অভিযান চালাবে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিঅ্যাকটিভেট সিম ও রিম ব্যবহার বন্ধ করতে বিশেষ অভিযান চালাবে বিটিআরসি। তাদের সঙ্গে র্যাব ও পুলিশকে অভিযান চালানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা বলেছেন, সিম পুনর্নিবন্ধনের পরও রাজধানী থেকে প্রিঅ্যাকটিভেট সিম আটক হওয়ার ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রিঅ্যাকটিভেট সিম বলতে গ্রাহকদের অগোচরে আগে থেকে চালু করা সিম বোঝায়।
গতকাল রোববার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বরাবর ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে সই করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এম রায়হান আখতার।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে বলেন, কেউ প্রিঅ্যাকটিভেট সিম ব্যবহার করছেন জানা গেলেই তাঁকে আটক করা হবে।
এদিকে গত শনিবার বাসসের খবরে বলা হয়, খুচরা সিম বিক্রেতা ও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম যাচাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিতে মুঠোফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে সরকার।