প্রিজন ভ্যান ও বাসের সংঘর্ষ, আসামি ও পুলিশসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রেপ্তার হওয়া আমজাদ আলী ও রিয়াজ উদ্দিন ফকিরকে গতকাল বুধবার ঢাকায় নেওয়ার পথে তাঁদের বহনকারী প্রিজন ভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ওই দুই আসামি ও পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ বলেছে, গতকাল সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আমজাদ ও রিয়াজ উদ্দিনকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সোয়া আটটার দিকে প্রিজন ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের উত্তর সালনা ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা তৌহিদী এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রিজন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রিজন ভ্যানে থাকা আসামি আমজাদ ও রিয়াজ উদ্দিন, প্রিজন ভ্যানের চালক মো. মেহেদি, পুলিশ কনস্টেবল মো. ওয়াসিম, হাবিলদার নূরু উদ্দিন ও নায়েক মুস্তাফিজ আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় বাসের কেউ হতাহত হয়নি। তবে আহত হওয়া নায়েক মুস্তাফিজ ও আসামি আমজাদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।