প্রিজন ভ্যানে আদালতে তানভীর
হল-মার্ক কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর ভায়রা তুষার আহমেদকে শেষ পর্যন্ত প্রিজন ভ্যানে করে সাধারণ কয়েদির সঙ্গে আদালতে হাজির করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁদের হাজির করা হয়। মামলার শুনানি শেষে আবার তাঁদের প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোফাখখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামি তানভীর ও তুষারকে প্রিজন ভ্যানে করে গতকাল আদালতে আনা হয়।
এর আগে তানভীর ও তুষারকে মাইক্রোবাসে করে আদালতে হাজির করা হতো। তানভীরের গুরুতর অসুস্থতা সাপেক্ষে কারা অ্যাম্বুলেন্সে করে কারাগার থেকে আদালতে হাজির করার অনুমতি দিয়েছিলেন আদালত। এ নিয়ে গত বছরের ২৬ নভেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২৫ নভেম্বর তানভীর ও তুষারকে দুটি বিলাসবহুল মাইক্রোবাসে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।