প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিজন ভ্যানে আদালতে যাতায়াতের সময় পুরুষ বন্দীরা কটূক্তি করেন, অশোভন আগ্রহ প্রকাশ করেন। কখনো গায়ের ওপর হেলে পড়েন। প্রতিবাদ করে কোনো লাভ হয় না। পুলিশ সদস্যরা দেখেও যেন দেখেন না।
আদালতে হাজিরা দিতে এসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক নারী বন্দী এভাবেই নিজের হেনস্তার কথা বললেন প্রথম আলোকে।
ওই নারী বন্দীর অভিযোগ, তাঁর মতো আরও অনেক নারী বন্দী প্রিজন ভ্যানে পুরুষের সঙ্গে আদালতে যাতায়াত করতে গিয়ে নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু সামাজিক অবস্থার কারণে তাঁরা কোনো অভিযোগ করতে পারছেন না।
নারী বন্দীর এই অভিযোগের সত্যতা পাওয়া গেল চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নানের মুখ থেকে। গতকাল শুক্রবার প্রথম আলোকে তিনি বলেন, ‘কারাগার পরিদর্শনে গিয়ে পুরুষ বন্দীরা প্রিজন ভ্যানের ভেতরে নারী বন্দীদের উত্ত্যক্ত করেন বলে অভিযোগ শুনেছিলাম। এরপর নারী বন্দীদের সতর্কতার সঙ্গে আনা-নেওয়ার জন্য পুলিশকে বলেছি। আলাদা প্রিজন ভ্যানের ব্যবস্থা করা হচ্ছে।’
আদালতে সাক্ষ্য দিতে আসা বন্দীদের সঙ্গে কথা বলে জানা গেল, কারা প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন নারী বন্দীরা। কারাগারের পক্ষ থেকে জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন চট্টগ্রাম কারাগার পরিদর্শনে এসে সব ঘটনা শুনে আলাদা প্রিজন ভ্যান দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু সে ভ্যান আর আসেনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরেই নারী ও পুরুষ বন্দীরা একই ভ্যানে আদালতে যাতায়াত করছেন। নারীরা প্রায়ই অভিযোগ করেন। আলাদা প্রিজন ভ্যানে করে মহিলা বন্দীদের আদালতে নিতে পুলিশকে একাধিকবার বলেছি।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, আলাদা প্রিজন ভ্যান না পাওয়া পর্যন্ত নারীদের আগে বা পরে আনা-নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কারা সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ১৬৩ জন নারী বন্দী আছেন। এঁরা মাদক ও হত্যা মামলার আসামি। এর মধ্যে ৩৪ জন সাজাপ্রাপ্ত। বিচারাধীন মামলার বন্দীদের শুনানির দিন আদালতে আসতে হয়। পুলিশ সদস্যরা নারী বন্দীদের পুরুষ বন্দী আনা-নেওয়ার ভ্যানে তুলে দেন। আসামি বেশি হলে ভ্যানে তিলধারণের ঠাঁই থাকে না।
বন্দীরা বলেছেন, ভ্যানে পুলিশি পাহারা থাকলেও তাঁরা থাকেন দরজায় বাইরে। আবার অভিযোগ করলেও তাঁরা কিছু বলেন না।
জানতে চাইলে জেলা আদালত পরিদর্শক উনু মং মারমা বলেন, ‘নতুন প্রিজন ভ্যান আসার আগে আমাদের কিছু করার নেই। নতুন ভ্যান আসলে নারী বন্দীদের আলাদা আনা-নেওয়া করা হবে।’