ঢাকার আদালত থেকে সাভার ও আশুলিয়া থানায় ফেরত আনার পথে গত সোমবার রাতে পুলিশের প্রিজন ভ্যানের গ্রিল ভেঙে পালিয়ে গেছেন হত্যা ও চুরির মামলার দুই আসামি। এ ঘটনায় পুলিশের এক সুবেদার, প্রিজন ভ্যানের চালক ও পাঁচ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।পালিয়ে যাওয়া আসামিরা হলেন: সাভারের সামাইল গ্রামের মেহেদী হাসান ও গোপালগঞ্জের কাশিয়ানির সনু মোল্লা।সাভার ও আশুলিয়া থানা সূত্র জানায়, হত্যা মামলার আসামি মেহেদী হাসানকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে আদালতে নেওয়া হয়। এ সময় পুলিশ মেহেদীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে সোমবার সকালে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় চুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সনু মোল্লাকে। সোমবার তাঁকেও আদালতে নেওয়া হয়। সনু মোল্লাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনোয়ার হোসেন বলেন, রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত থেকে সাভার ও আশুলিয়ায় নেওয়া হচ্ছিল। রাত সাতটার পর কোনো একসময় রাজধানী ও সাভারের মাঝামাঝি কোনো এক স্থানে আসামি মেহেদী ও সনু মোল্লা প্রিজন ভ্যানের গ্রিল ভেঙে পালিয়ে যান। ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন সুবেদার, প্রিজন ভ্যানের চালক এবং পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন: সুবেদার দেলোয়ার হোসেন, সাভার থানার কনস্টেবল জহিরুল ইসলাম, মইন উদ্দিন ও মুজিবুর রহমান এবং আশুলিয়া থানার কনস্টেবল রফিকুল ইসলাম ও ফরহাদ হোসেন এবং প্রিজন ভ্যানের চালক কনস্টেবল আসলাম।