প্রিজন ভ্যানের নিরাপত্তায় পেছনে পুলিশের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার থেকে প্রিজন ভ্যানের পেছনে নিরাপত্তার জন্য একটি পুলিশের গাড়ি রাখা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে গুলি করে পুলিশের কাছ থেকে রোববার জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পর এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, অতর্কিত হামলা, আসামি ছিনতাই রোধসহ নিরাপত্তার অংশ হিসেবে প্রিজন ভ্যানের পেছনে একটি করে পুলিশের গাড়ি রাখা হয়েছে গতকাল সোমবার থেকে। ওই গাড়িতে একজন অস্ত্রধারী সহকারী উপপরিদর্শকের নেতৃত্বে পাঁচজন পুলিশ রয়েছে। আসামি আনা-নেওয়ার সময় ওই গাড়ি সার্বক্ষণিক থাকবে।
তিনি আরও বলেন, আদালতের বারান্দাসহ হাজিরা দিতে আসা-যাওয়ার সময় আসামিরা যাতে মুঠোফোনে কথা বলাসহ কোনো অবৈধ সুবিধা নিতে না পারেন, সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম কারাগারেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া। তিনি বলেন, কারাগারে আটক জেএমবির জঙ্গিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
কারণ ত্রিশালে ছিনতাই হওয়া জঙ্গি বোমা মিজান চট্টগ্রাম কারাগারে ছিলেন দীর্ঘদিন।
গতকাল আদালত প্রাঙ্গণে দেখা গেছে, হাজিরা দেওয়া শেষে আসামিদের কোথাও বসার সুযোগ না দিয়ে সরাসরি হাজতখানায় নিচ্ছে পুলিশ সদস্যরা।
এর আগে চিত্রটি ছিল ভিন্ন। আসামিদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে পুলিশ সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে কথা বলাসহ নানা সুবিধা দিত দুর্ধর্ষ বন্দীসহ সাধারণ আসামিদের।
এ নিয়ে গত অক্টোবর মাসে প্রথম আলোতে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কয়েক মাস বন্ধ থাকলেও ফাঁকফোকরে আসামি নিয়ে পুলিশের বাণিজ্য চলার অভিযোগ রয়েছে।