প্রিন্স উইলিয়ামের রক্তে ভারতীয় ধারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন হাস্যোজ্জ্বল প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন। ছবিটি গত বছর ডিসেম্বরে তোলা। ছবি: রয়টার্স
লন্ডনের রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন হাস্যোজ্জ্বল প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন। ছবিটি গত বছর ডিসেম্বরে তোলা। ছবি: রয়টার্স

ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরিদের তালিকায় প্রিন্স উইলিয়াম দ্বিতীয়। রাজা হলে তিনিই হবেন প্রথম ব্রিটিশ শাসক যাঁর রক্তে ভারতীয় বংশের ধারা প্রবহমান। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, সম্প্রতি ডিএনএ পরীক্ষার পর এ তথ্য মিলেছে।

ডিউক অব ক্যামব্রিজ উপাধিধারী প্রিন্স উইলিয়ামের আত্মীয়দের লালার নমুনা পরীক্ষা করে দেখা গেছে, ৩০ বছর বয়সী প্রিন্সের ডিএনএতে এক ভারতীয় গৃহপরিচারিকার ডিএনএর বৈশিষ্ট্য রয়েছে। এ পরিচারিকা প্রিন্সের মা ডায়নার বংশের।

গবেষকেরা জানিয়েছেন, উইলিয়ামের নানির নানির নানির নানি ছিলেন ভারতীয়। ওই নারী উইলিয়ামের বংশের এক ব্যক্তির সঙ্গে গোলমেলে সম্পর্কে জড়িয়েছিলেন।

উইলিয়ামের পূর্বপুরুষ থিওডর ফোর্বসের (১৭৮৮-১৮২০) বাড়িতে কাজ করতেন এলিজা কেওয়ার্ক। ফোর্বস ছিলেন একজন স্কট এবং পেশায় ব্যবসায়ী। গুজরাটের সুরাটে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন।

এলিজার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ (এমটিডিএনএ) তাঁর মেয়েদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং তা কোনো বিচ্যুতি ছাড়াই প্রিন্সেস ডায়ানা পর্যন্ত এসেছে। এরপর তা উইলিয়াম ও হ্যারির ডিএনএতেও জায়গা করে নিয়েছে।

বলা হয়ে থাকে, এলিজা ছিলেন আর্মেনীয়। সম্ভবত তাঁর নাম আর্মেনীয় নাম কেভোর্কের সদৃশ বলে এবং ফোর্বসের কাছে তাঁর লেখা একটি চিঠিতে আর্মেনীয় হস্তাক্ষর থাকায়, অনেকেই তাঁকে আর্মেনীয় বলে মনে করেন।

গবেষকেরা এখন বলছেন, সম্ভবত এলিজার বাবার বংশের কেউ ছিলেন আর্মেনীয় এবং এ কারণে তাঁদের পরিবারে আর্মেনীয় সংস্কৃতির কিছু কিছু চল ছিল।

ডিএনএ পরীক্ষা করে বংশগতি নির্ধারণে কাজ করে ব্রিটেনস ডিএনএ নামের একটি প্রতিষ্ঠান। উইলিয়ামের বংশের ধারা প্রসঙ্গে সংস্থাটি এক সংবাদ বিবৃতিতে বলেছে, ‘প্রমাণাদি থেকে আমাদের মনে হয়েছে, তাঁর মায়ের বংশের মানুষেরা এসেছিলেন ভারতীয় জাতি থেকে।... প্রিন্স উইলিয়াম ও হ্যারি এলিজা কেওয়ার্কের বৈশিষ্ট্য বহন করলেও তাঁর সন্তানদের মধ্যে তা বাহিত হবে না। কারণ এমটিডিএনএ কেবল মা থেকে সন্তানদের মধ্যে প্রবাহিত হয়।’

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বংশগতি বিশেষজ্ঞ জিম উইলসন ও ডিএনএ পরীক্ষাকারী প্রতিষ্ঠান ব্রিটেনস ডিএনএ বলছে, এলিজার সন্তান ও তাঁদের সন্তানেরা এক বিরল প্রজাতির এমটিডিএনএ বহন করছে। এটি কেবল মা থেকে মেয়েদের মধ্যে বাহিত হয়। ব্রিটেনে এখন পর্যন্ত যাঁদের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্যে মাত্র ১৪ জনের ডিএনএতে এমটিডিএনএর অস্তিত্ব পাওয়া গেছে। এ ১৪ জনের ১৩ জন ভারতীয় এবং একজন নেপালি।

গবেষকেরা ফোর্বসের কাছে লেখা এলিজার বেশকিছু চিঠি উদ্ধার করেছেন। ওইসব চিঠি থেকে জানা গেছে, ফোর্বস একসময় এলিজাকে পরিত্যাগ করেন, তবে তাঁর ঔরসে এলিজার গর্ভে জন্ম নেওয়া মেয়ে ক্যাথরিনকে গ্রহণ করেন। ক্যাথরিনের বয়স যখন মাত্র ছয় বছর, তখন ফোর্বস তাঁকে ভারত থেকে ব্রিটেনে পাঠিয়ে দেন।