বিরল প্রজাতির ব্লু-গোল্ড ম্যাকাও পাখি দম্পতি প্রিন্স-প্রিন্সেসের সংসারে নেমে আসা দুর্যোগের সুরাহার বিষয়ে আজ বৃহস্পতিবার আদালতে শুনানি হবে। বর্তমানে প্রিন্স রয়েছে তার মালিক ইকরাম সেলিমের কাছে, বসুন্ধরায়। প্রিন্সেস রয়েছে হাতিরপুলে তার মালিক আবদুল ওয়াদুদের ফিকামলি সেন্টার মিনি চিড়িয়াখানায়। নির্বাহী হাকিম শাহে এলিদ মাইনুল আমিনের আদালতে বাদী-বিবাদী উপস্থিত হবেন প্রিন্স-প্রিন্সেস একত্রে ঘর করবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে।ইতিমধ্যে প্রিন্স-প্রিন্সেস আলাদা হওয়ায় তাদের এক জোড়া ডিম নষ্ট হতে চলেছে। গতকাল বুধবার বিকেলে ফিকামলি সেন্টারে আবদুল ওয়াদুদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ওয়াদুদ বলেন, ‘গত ৩ জানুয়ারি প্রিন্সকে নিয়ে যাবার সময় তাঁদের বাসায় দুটি ডিম ছিল। আর ১০-১২ দিনের মধ্যেই ডিম ফুটত। এদের স্বভাব হলো, পুরুষ পাখি পাশে না থাকলে স্ত্রী পাখি ডিমে তা দেয় না। প্রিন্সকে নিয়ে যাওয়ায় প্রিন্সেস ডিমে তা দেওয়া বন্ধ করেছে। নিজে থেকে খাওয়াও বন্ধ রেখেছে। আমি হাতে তুলে অল্প কিছু খাওয়াচ্ছি।’সংবাদ সম্মেলনে আবদুল ওয়াদুদ বলেন, ‘আমি চাই ওদের সংসার টিকে থাকুক। এ জন্য আমি ইকরাম সেলিমকে বলেছিলাম তাঁদের বাড়িতে প্রিন্স-প্রিন্সেস জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দুটি পাখিকেই নিয়ে যেতে। পাখি দম্পতির খাঁচার মাপ ও পরিবেশ কেমন হবে, এসব বিষয়ও জানাই। পরে তাঁদের বাড়িতে গিয়ে দেখি, খুব ছোট খাঁচা তৈরি করা হয়েছে। ওই পরিবেশে “ব্রিডিংপেয়ার” থাকতে পারবে না। বাচ্চা তো হবেই না। মারাও যেতে পারে। এরপর তাঁরা আমার কাছ থেকে প্রিন্স-প্রিন্সেসের একটি বাচ্চা নিয়ে যান। কিন্তু সেটিকেও তাঁরা লালন পালন করতে না পারায় ফিরিয়ে দেন। এবং পুনরায় প্রিন্সকে ফেরত নেওয়ার জন্য থানায় মামলা করেন।’এদিকে প্রিন্সের মালিক ইকরাম সেলিমের সঙ্গে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বলেছেন, বিষয়টি আদালতে গেছে। আদালতের সিদ্ধান্তের পর তিনি তাঁর প্রতিক্রিয়া জানাবেন।