প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর লেখা পড়ে শোনালেন আনিসুজ্জামান
তৎকালীন সমাজে বহুবিবাহের প্রচলন ছিল। মেয়েরাও ধরেই নিত, স্বাবলম্বী একজন পুরুষ একাধিক বিয়ে করবেন। এমনও লোক ছিলেন, যিনি বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে একটি করে ‘নিকাহ’ করে নিতেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ এভাবেই মজা করে নিজের জীবনী লিখে গেছেন। তাঁর আত্মজৈবনিক রচনা বাতায়নে থেকে বিভিন্ন অংশ পাঠ করে শোনান ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রিন্সিপাল খাঁ স্মারক বক্তৃতা’য় তিনি প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর জীবন, সাহিত্যকর্ম, রাজনীতি এবং তাঁর সাহিত্যে প্রতিফলিত সমকালীন সমাজচিত্রসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের নিজ বাসস্থানে ‘জায়গির’ রাখতেন। তাঁদের লেখাপড়ার সুযোগ করে দিতেন। তিনি বলেন, সাহিত্য, শিক্ষা, সমাজ উন্নয়ন এবং রাজনীতিতে তিনি যে অবদান রেখে গেছেন, তা সব সময় অনুকরণীয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারম্যান বেগম আকতার কামাল, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ট্রাস্ট ফান্ডের দাতা প্রিন্সিপাল খালেদা হাবিব প্রমুখ বক্তব্য দেন।